হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার শহীদুল ইসলাম বিলম্বে যাতায়াতের বিষয়টি স্বীকার করেন
উদয়নে যাতায়াত মানেই ভোগান্তি!
সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে আন্তনগর ট্রেন উদয়নের চলাচলে অব্যবস্থাপনার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্ধারিত সময় না মানা, অনির্ধারিত স্টেশনে যাত্রাবিরতি, চোরাকারবারিদের সুযোগ দেওয়া ও যাত্রী হয়রানির বিষয়গুলো এই ট্রেনে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা বলেন, উদয়নে যাতায়াত মানেই এখন ভোগান্তি।রেলওয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, উদয়ন ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছাড়ার কথা রাত নয়টায়। সিলেট থেকে একই সময়ে ট্রেনটি ছেড়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা সকাল সাতটায়। কিন্তু কোনোটিই সঠিক সময়ে গন্তব্যে না পৌঁছানোয় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে।হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, তিনি গত শনিবার চট্টগ্রাম থেকে শায়েস্তাগঞ্জে আসার জন্য উদয়ন ট্রেনের টিকিট কাটেন। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় রাত নয়টার আগেই পরিবারের সদস্যদের নিয়ে তিনি স্টেশনে পৌঁছান। কিন্তু সেই ট্রেন আসে রাত পৌনে একটায়, ছাড়ে পৌনে দুইটায়।শ্রীমঙ্গলের বাসিন্দা আবদুস ছালাম গত রোববার উদয়ন ট্রেনে করে চট্টগ্রামে যাচ্ছিলেন। রাত তিনটায় ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছায় সকাল সাড়ে আটটায়।যাত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেন, উদয়নে যাতায়াত মানেই ভোগান্তি। বিভিন্ন স্টেশন, বিশেষ করে, আখাউড়া বা লাকসাম স্টেশনে পৌঁছালে ট্রেনে বিনা টিকিটে অনেক লোক ওঠে। যাত্রী শাহ আলম অভিযোগ করে বলেন, ‘উদয়নে এখন যাত্রীসেবা নিম্নমানের। এ ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা মাদকসহ বিভিন্ন পণ্য পাচারে ব্যস্ত। এরা চোরাকারবারিদের সুবিধা দেওয়ার জন্য নানা অজুহাতে অনির্ধারিত স্টেশনেও ট্রেন থামায়।’এ ব্যাপারে জানার জন্য চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাঁরা রিসিভ করেননি।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার শহীদুল ইসলাম বিলম্বে যাতায়াতের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ওপর থেকে ব্যবস্থা না নেওয়া হলে স্থানীয়ভাবে কিছু করার থাকে না।