সিলেটের এমসি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ হত্যা মামলার আসামি মুস্তাফিজুর রবকে গতকাল বুধবার ক্যাম্পাসে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে পুলিশের কাছে দেন। পরে পুলিশ তাঁকে কলেজের দেয়াল টপকে বাইরে নিয়ে যায়। মুস্তাফিজ এমসি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। উদয়েন্দু হত্যা মামলায় তিনি জামিনে আছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, উদয়েন্দু হত্যা মামলার এজাহারভুক্ত সাত নম্বর আসামি মুস্তাফিজ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্র্রতি উচ্চ আদালতে জামিন পান মুস্তাফিজ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ক্যাম্পাসে যান। এ সময় ছাত্রলীগের কর্মীরা ‘খুনি খুনি...ধর ধর’ বলে ধাওয়া করে তাঁকে ধরে ফেলে পেটাতে থাকেন। কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিরউদ্দিনের নেতৃত্বে মুস্তাফিজকে টেনে-হিঁচড়ে অর্থনীতি বিভাগের সামনে নিয়ে আরেকদফা পেটানো হয়। এ সময় ওই বিভাগের শিক্ষকেরা মুস্তাফিজকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে কলেজের প্রধান ফটকে অবস্থান নেন। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুলতান ঘটনাস্থলে গিয়ে কলেজের পূর্ব দিকের দেয়াল টপকিয়ে মুস্তাফিজকে বাইরে নিয়ে যান। এসআই মোহাম্মদ সুলতান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা মুস্তাফিজকে পুলিশের কাছে তুলে দেন। পরিস্থিতি দেখে দেয়াল টপকিয়ে তাঁকে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুস্তাফিজকে তাঁর বাবার জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।আজিরউদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে মুস্তাফিজ পলাতক ছিল। ক্যাম্পাসে প্রকাশ্য ঘোরাঘুরি করতে দেখে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে মারধর করেছে।’গত ১২ জুলাই সংগঠনের প্রতিপক্ষের নেতা-কর্মীদের হাতে উদয়েন্দু খুন হন।