উদয়েন্দু হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের আরেক কর্মী মো. মফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মফিজুর সিলেট এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ নিয়ে এই মামলায় দুই আসামি গ্রেপ্তার হলো।কলেজ শাখা ছাত্রলীগের দুপক্ষের বিরোধের জেরে গত ১২ জুলাই নিহত হন কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র উদয়েন্দু সিংহ পলাশ। হত্যাকাণ্ডের দুদিন পর সিলেট কোতোয়ালি থানায় ছাত্রলীগের আটজন কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করে মামলা করেন উদয়েন্দুর বাবা বীরেশ্বর সিংহ। ১৬ জুলাই প্রথম আসামি কলেজ ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিমকে আটক করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বড়লেখায় মফিজুরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআই রহিম আরও জানান, হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় সন্দেহভাজন হিসেবে আটক সিলেট সরকারি কলেজের ছাত্র আইয়ুব আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এদিকে কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, গতকাল কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের ভান্ডারী গাঁওয়ের নিজ বাড়িতে উদয়েন্দুর শ্রাদ্ধ হয়েছে। নিয়ম অনুযায়ী মরদেহ সাদা কাপড়ে পেঁচিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করার বিধান থাকলেও প্রথা ভেঙে কালো কাপড়ে পেঁচিয়ে এই শ্রাদ্ধ করা হয়। প্রতীকী প্রতিবাদ হিসেবে এই উদ্যোগ নেয় উদয়েন্দুর পরিবার। শ্রাদ্ধের সময় কালো কাপড়ের ব্যানারে লেখা ছিল ‘পলাশ হত্যার বিচার চাই’। শোকার্ত মা-বাবার পরনের কালো কাপড়েও লেখা ছিল ‘পলাশ হত্যার বিচার চাই’। মণিপুরী সমাজের পুরহিত জিতেন্দ্র চ্যাটার্জি বলেন, এই এলাকায় প্রচলিত প্রথা ভেঙে কালো কাপড়ে এই প্রথম কোনো শ্রাদ্ধ সম্পন্ন হলো। এর আগে শনিবার উদয়েন্দুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কমলগঞ্জের ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয় ও পদ্মা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে। পরে একটি শোকসভা হয়।