উনসত্তরে জীবন উৎসর্গকারী দুই বীর সন্তানকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিগর্ভ উনসত্তরের শহীদ ডা. শামসুজ্জোহা ও সার্জেন্ট জহুরুল হক স্মরণানুষ্ঠান। বক্তব্য দিচ্ছেন সার্জেন্ট জহুরুল হকের ভাতিজি নাজনিন হক মিমি। মঞ্চে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী ও অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে
ছবি: প্রথম আলো

স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি পর্বে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন সার্জেন্ট জহুরুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সভায় শ্রদ্ধাভরে উনসত্তরের এই দুই শহীদের অবদান তুলে ধরেন আলোচকেরা।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি হয়েছিলেন সে সময় পাকিস্তান বিমানবাহিনীর সার্জেন্ট জহুরুল হকসহ কয়েকজন। ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি কারাগারে পাকিস্তানি সৈনিক মনজুর শাহের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সার্জেন্ট জহরুল হক। গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল তাঁকে।

আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পড়াশোনা শেষ করে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন ড. শামসুজ্জোহা। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্রদের বাঁচাতে পাকিস্তানি সেনাদের অস্ত্রের সামনে স্বেচ্ছায় বুক পেতে দিয়েছিলেন তিনি।

অধ্যাপক দেলোয়ার বলেন, উনসত্তর থেকেই উত্তাল হয়েছিল সারা দেশ। ছাত্রবিক্ষোভে গুলি চালিয়ে আসাদুজ্জামানকে হত্যা করা হলো। মিছিলে গুলি করে হত্যা করা হলো নবম শ্রেণির ছাত্র মতিউরকে। পাকিস্তানিদের ভাষ্যমতে, ১৯৬৯ সালের জানুয়ারিতেই সারা দেশে ৫৭ জন নিহত হয়েছিলেন, যাঁদের অনেকের নামই জানা যায়নি। এরপর আন্দোলনে যোগ দেন সব শ্রেণি–পেশার মানুষ।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ইতিহাসের বিকৃতি ঘটেছে বলে মন্তব্য করেন ইতিহাসের অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, উনসত্তর না হলে একাত্তর হতে পারত না। কিন্তু পঁচাত্তর–পরবর্তী সময়ে যাঁরা ক্ষমতায় এসেছেন, তাঁরা বলা শুরু করল, নয় মাসের যুদ্ধেই দেশ স্বাধীন হয়েছে, একটা যে বিরাট রাজনৈতিক প্রেক্ষাপট আছে, সেটা বলা হলো না। বিশেষ করে সেনাবাহিনীকে বৈধতা দেওয়ার জন্য, জিয়াউর রহমান ও এরশাদের আমলে এই কথাগুলো ভালোভাবে প্রচারিত হয়েছে। বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের অবদানের কথা অস্বীকার করা শুরু করলেন তাঁরা। অথচ একাত্তরের রিহার্সাল ছিল উনসত্তর। উনসত্তরের আগে বাঙালির এত জাগরণ কখনো হয়নি। এ জন্যই এটাকে গণজাগরণ বা গণ-অভ্যুত্থান বলা হয়। উনসত্তরের শহীদদের না জানতে পারলে ইতিহাসকে খণ্ডিতভাবে জানা হবে।

ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত কর্নেল (অব.) শামসুল আলম ১৯৬৯ সালে বঙ্গবন্ধু ও অন্য আসামিদের সঙ্গে কারাগারে আটক ছিলেন। ভিডিও বার্তায় সার্জেন্ট জহুরুল হকের শহীদ হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি। শহীদ ড. শামসুজ্জোহাকে স্মরণ করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁর যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে সাবিনা জোহা খান। নিজের লেখা ৬৯ এর শহীদ সার্জেন্ট জহুরুল হক ও মুক্তিযুদ্ধ বই থেকে পড়ে শোনান জহুরুল হকের ভাতিজি নাজনীন হক মিমি।

সভায় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সারা যাকের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরিন আহমাদ উপস্থিত ছিলেন।