‘উনি বেঁচে থাকলে রায়টি আমাদের জন্য আরও বেশি আনন্দের হতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

‘উনি বেঁচে থাকলে রায়টি আমাদের জন্য আরও বেশি আনন্দের হতো। শিক্ষকদের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন রাজীব মীর। অন্যায়ভাবে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে, হাইকোর্টের রায়ে তা–ই প্রমাণিত হলো। আমাদের সন্তানের বয়স চার বছর। বড় হয়ে ও জানবে যে ওর বাবা কোনো দোষ করেননি। রায় দ্রুত কার্যকর হবে। প্রত্যাশা, যাতে আর কোনো হয়রানির শিকার হতে না হয়।’  

হাইকোর্টের রায়ের পর এক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার প্রথম আলোকে কথাগুলো বললেন চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একসময়ের শিক্ষক মীর মোশারেফ হোসেনের স্ত্রী সুমনা খান।

মীর মোশারেফ হোসেন ‘রাজীব মীর’ নামেই বেশি পরিচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে ২০১৭ সালের ১০ আগস্ট আদেশ জারি করে। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন রাজীব মীর। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৩০ জানুয়ারি হাইকোর্ট রুল দেন।

রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। হাইকোর্ট মীর মোশারেফ হোসেনকে বরখাস্তের আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন।

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ২১ জুলাই মারা যান রাজীব মীর। তাঁর করা রিটে আবেদনকারী হিসেবে স্ত্রী সুমনা খান ২০১৯ সালের ২০ অক্টোবর পক্ষভুক্ত হন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও এম মনজুর আলম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন।

পরে আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, সহকারী অধ্যাপকের পদ থেকে রাজীব মীরকে বরখাস্তের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন হাইকোর্ট। তিনি মারা যাওয়ায় রিটে আবেদনকারী হিসেবে পক্ষভুক্ত হন তাঁর স্ত্রী। আইন অনুযায়ী রাজীব মীরের চাকরির সুবিধাদি তাঁর স্ত্রীকে অবিলম্বে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারীপক্ষ জানায়, রাজীব মীরকে সহকারী অধ্যাপক পদ থেকে যে অভিযোগে বরখাস্ত করা হয়েছিল, সেই অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত কমিটি প্রতিবেদন দেয়। তবে রাজীব মীরকে এর কপি না দিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেয়। তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আবেদন করেও বিফল হয়েছিলেন তিনি। প্রতিবেদন না দিয়েই শাস্তিমূলক ওই ব্যবস্থা নেওয়া হয়। যে কারণে রাজীব মীর যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি, যা ন্যায়বিচারের পরিপন্থী—এসব যুক্তিতে রিটটি করা হয়।