ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উনিশ দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের শাস্তি মওকুফ, নির্যাতন বন্ধ, স্থানীয় সাংসদকে সিন্ডিকেট সদস্য করাসহ ১৯ দফা দাবিতে এখানকার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ, সমাবেশ এবং প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন।গতকাল রোববার তাঁরা এসব কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে ১৯ দফা দাবিতে ডুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে এখানকার বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তি নিঃশর্তে মওকুফ, প্রথম সেমিস্টারের ক্রেডিট যোগের ব্যবস্থা, বাসসেবা নিশ্চিত ও ভাড়া হ্রাস, ইন্টারনেট সেবা (সংযোগ) নিশ্চিত করা, স্থানীয় সাংসদকে সিন্ডিকেট সদস্য করা, শিক্ষকদের দুর্নীতির বিচার ইত্যাদি উল্লেখযোগ্য।গতকাল সকাল থেকে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে বেলা সাড়ে ১১টায় তাঁরা বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক গণেশ চন্দ্র সাহার কাছে লিখিতভাবে ১৯ দফা দাবি পেশ করেন। পরে এক সমাবেশে বক্তব্য দেন ডুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রনেতা এস এম হান্নান, রবিউল আলম, ইমরান হোসেন প্রমুখ। আন্দোলনকারী ছাত্রনেতা আবদুল্লাহ আল মাসুম জানান, তাঁদের দাবি না মানা হলে আগামীকাল (আজ সোমবার) থেকে ভিসির পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন শুরু হবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও তড়িৎ অনুষদের ডিন অধ্যাপক আ. মান্নান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক সভায় শিক্ষার্থীদের শাস্তি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কিছু শিক্ষক এতে অসম্মতি জানানোয় প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়েছে।