বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়
উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালে সাধারণ নির্বাচনের আগে আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্য অর্জনে সক্ষম হব ইনশা আল্লাহ এবং এ ব্যাপারে আমরা দেশবাসীর শুধু দোয়া ও সহযোগিতা চাই। আমরা বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে দেশবাসী বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’
প্রধানমন্ত্রী দাবি করেন, ‘এবার রাজধানীর পাশাপাশি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কোনো রকম সমস্যা ছাড়াই রমজানে জনগণ গভীর রাত পর্যন্ত কেনাকাটা করেছে। এতে প্রমাণিত হয় যে, জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে এবং তারা গভীর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদ উদ্যাপন করছে।’
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের প্রবীণ নেতারা ও মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংসদ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতা এবং ভিক্ষুক ও ছিন্নমূল নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অন্য বছরের মতো এবারও কিছু দর্শনার্থী শুভেচ্ছা বিনিময়ের সুযোগে প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দুঃখ-দুর্দশা ও দুর্ভোগের কথা তুলে ধরে তা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন।
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুন, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের সঙ্গে গণভবন প্রাঙ্গণে পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।