অংশীদারি সংলাপ শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতি
উন্নত কর্মপরিবেশ তৈরিতে কাজ করার অঙ্গীকার
সাভারে ভবনধসের বিয়োগান্ত ঘটনার পুনরাবৃত্তি রোধে শ্রমমান ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার চলমান প্রক্রিয়া অব্যাহত রাখবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ শেষে দুই দেশের পক্ষে এক যৌথ বিবৃতিতে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন গতকাল সোমবার এ অঙ্গীকার ব্যক্ত করেছেন।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দিনের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ বিবৃতি পড়েন শহীদুল হক। তিনি জানান, দুই পক্ষ উন্নয়ন ও সুশাসন, আঞ্চলিক সমন্বয়, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সম্পর্ক সম্প্রসারণে সম্মত হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো আয়োজিত বেসরকারি খাতের বৈঠকের সাফল্য নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে এ ধারাবাহিকতায় নাগরিক সমাজকে সম্পৃক্ত করে একটি ফোরাম গঠনের সম্ভাবনা নিয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেছেন।
এর আগে রাজধানীতে অনুষ্ঠিত এক বক্তৃতা অনুষ্ঠানে ওয়েন্ডি শারমেন সাভারের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে না নিতে উৎসাহিত করেছেন। তাঁর মতে, বিদ্যমান পরিস্থিতির সংস্কারেই সমাধান নিহিত। এ পরিস্থিতি থেকে নিজেদের প্রত্যাহারে সমস্যার সমাধান হবে না।
এদিকে, বৈঠকের পর মার্কিন দূতাবাসের দেওয়া তথ্যপত্রে জানানো হয়েছে, বৈঠকে স্বাস্থ্য ও পুষ্টি, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের নতুন সহযোগিতার ঘোষণা দেন ওয়েন্ডি শারমেন। এসব সহযোগিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য উদ্যোগের অংশ হিসেবে ২০ লাখ ডলারের সহায়তা। যার উদ্দেশ্য বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্য খাতের মাধ্যমে জীবননাশক যক্ষ্মারোগের ব্যবস্থাপনার উন্নয়ন। প্রেসিডেন্ট ওবামার বৈশ্বিক জলবায়ু পরিবর্তন উদ্যোগের অংশ হিসেবে বিশ্বব্যাংককে দেওয়া একটি নতুন পাঁচ বছরব্যাপী ৮০ লাখ ডলারের কর্মসূচি নিরূপণ, যার লক্ষ্য বাংলাদেশে সৌরবিদ্যুতের প্রসার। এ ছাড়া আন্তদেশীয় অপরাধ ও সন্ত্রাস মোকাবিলার লক্ষ্যে আইন রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য ১০ লাখ ডলারের সহায়তা কর্মসূচি।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধার (জিএসপি) ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ওয়েন্ডি শারমেন বলেন, এ বিষয়ে মূল্যায়ন প্রক্রিয়া চলছে।
জিএসপির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তির (টিকফা) সম্পর্ক আছে কি না, জানতে চাইলে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, দুটো বিষয়ের আলাদা প্রক্রিয়া রয়েছে। একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। টিকফার মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও নিবিড় হবে।
টিকফা কবে সই হবে জানতে চাইলে তিনি বলেন, চুক্তিটি সইয়ের ব্যাপারে দুই পক্ষ একমত হয়েছে। চুক্তির কিছু খুঁটিনাটি বিষয়ে কাজ চলছে। এ নিয়ে দুই পক্ষই কাজ করছে। এসব প্রস্তুতি শেষ হলেই চুক্তিটি সই হবে।
প্রসঙ্গ রানা প্লাজা: হোটেল রূপসী বাংলার বক্তৃতা অনুষ্ঠানে গতকাল ওয়েন্ডি শারমেন রানা প্লাজার ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ রকম যাতে আর না ঘটে, সেটা নিশ্চিত করতে আমাদের যা যা করণীয়, আমাদের করতে হবে। আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে, বাংলাদেশি ও মার্কিন বেসরকারি খাতের সঙ্গে, শ্রমিক প্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে, আন্তর্জাতিক মহলে আমাদের অংশীদারদের সঙ্গে ও বাংলাদেশি প্রবাসী গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। আমরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে না নিতে উৎসাহিত করছি। কারণ, এর সমাধান সংস্কারে, প্রত্যাহারে নয়।’
ওয়েন্ডি শারমেন বলেন, ‘উন্নত শ্রমমান প্রণয়ন করার দায়িত্ব বাংলাদেশের সরকারের। তবে, আপনাদের দেশ যখন এসব চ্যালেঞ্জের মুখোমুখি, তখন তার বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের শিল্প-কারখানা থেকে যারা পোশাক নেয়, সেসব মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি, যাতে আরও উৎকর্ষিত নিরাপত্তা পর্যবেক্ষণের প্রতি তাদের সহায়তা নিশ্চিত করা যায়।’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসী গোষ্ঠীর প্রকৌশলী ও স্থাপত্যবিদেরা মিলে একটি স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষণ দল গঠনের সহায়তার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রও স্থানীয় শ্রম ও নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করছে, যাতে শ্রম ইউনিয়নে যোগদানের স্বাধীনতাসহ কর্মস্থলে প্রাথমিক অধিকারের প্রতি শ্রদ্ধার প্রসার করা যায়।