‘পরিবর্তন, একটি উন্নত চট্টগ্রামের জন্য’—এ বক্তব্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মো. মঞ্জুর আলমের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে উন্নয়ন আন্দোলনের নেতারা এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে ৫৬টি বিষয় তুলে ধরে তা বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইশতেহারে স্বল্পমেয়াদি বিষয়গুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে চাক্তাই খাল পুনরায় খনন, রাস্তাঘাটের উন্নয়ন, জোয়ারের পানি থেকে নগরের বিভিন্ন এলাকা রক্ষা করতে খালের মুখে স্লুইসগেট নির্মাণ, শহরের দরিদ্র মানুষের মধ্যে বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা, গৃহকর প্রদান-প্রক্রিয়া সহজকরণ ইত্যাদি।ইশতেহার পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী। এ সময় মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাহবুব উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ন ম মুনির আহমদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। মঞ্জুর ইশতেহারের প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।মঞ্জুরের গণসংযোগ: সকাল থেকে নগরের পাহাড়তলীর ফয়’স লেক, উত্তর পাহাড়তলীর ফিরোজশাহ কলোনি ও বিশ্ব কলোনি এলাকায় গণসংযোগ শেষে উত্তর কাট্টলী ওয়ার্ডের ঈশান মহাজন সড়কের দত্তপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নির্বাচনী প্রচারণা চালান মঞ্জুর।