উন্নত চট্টগ্রাম গড়তে মনজুরের ৫৪ দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাসমুক্ত নগর, ফরমালিনমুক্ত খাবার ও উন্নত চট্টগ্রাম’ গড়তে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে ৫৪ দফার ইশতেহার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থীর পক্ষে ইশতেহার পড়ে শোনান চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কালাম আজাদ। মনজুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন।
ইশতেহারে মনজুর আলম চট্টগ্রাম শহর কি আগামী দিনে সন্ত্রাসী, চাঁদাবাজ, দলবাজের অভয়ারণ্য হবে না কি সন্ত্রাসমুক্ত জনপদ হবে, সে প্রশ্ন রেখেছেন সদ্য বিদায়ী এই মেয়র। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যক্তিবিশেষকে উদ্দেশ করে বা কটাক্ষ করে এটি বলা হয়নি।
২০১০ সালে মনজুর আলম ৫৬ দফার ইশতেহার ঘোষণা করেন। ওই ইশতেহারের কতটা বাস্তবায়ন হয়েছে জানতে চাইলে তিনি দাবি করেন, প্রায় অর্ধেকের বেশি বাস্তবায়ন হয়েছে।
আবার নির্বাচিত হলে চট্টগ্রামকে পুরোপুরি জলাবদ্ধতামুক্ত করতে সর্বাত্মক উদ্যোগ নেবেন বলে ইশতেহারে অঙ্গীকার করেছেন মনজুর আলম। মেয়র হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে জলাবদ্ধতা নিরসন না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রামে জলাবদ্ধতা বৃষ্টির কারণে হয়, কখনো-কখনো আপনাদের (সাংবাদিকদের) কারণেও হয়। কোথাও যদি সামান্য বৃষ্টিতে তিন ইঞ্চি পানি ওঠে তখন আপনারা গণমাধ্যমে তা প্রচার করেন।’ তিনি দাবি করেন, একসময় বৃষ্টি হলে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পানি জমে থাকত। এখন মাত্র তিন ঘণ্টা পানি থাকে। জলাবদ্ধতার পরিবর্তে জলজট হয়।
মনজুর আলমের এবারের স্লোগান ‘সন্ত্রাসমুক্ত নগর, ফরমালিনমুক্ত খাবার ও উন্নত চট্টগ্রামের জন্য ভোট দিন’। ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হল কাঁচা তরিতরকারি, মাছ, সবজি, ফলমূল ক্ষতিকর রাসায়নিকমুক্ত রাখার জন্য চেকপোস্ট, খাদ্যদ্রব্য পরীক্ষাগার স্থাপন করা হবে। প্রতি ওয়ার্ডে নিরাপদ সুপেয় পানি প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রস্তাবিত সামাজিক ব্যবসার আদলে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য প্রকল্প গ্রহণ, বিনোদন কেন্দ্র নির্মাণ, প্রবীণ নাগরিকদের জন্য করপোরেশনের খরচে যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি।
ইশতেহারে বলা হয়, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করে কর আদায় ব্যবস্থাকে সহজ করা হবে। ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়াও সহজ করা হবে। যানজট নিরসনে বাইপাস সড়ক এবং হালিশহরে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। করপোরেশনের পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওয়াইফাই চালু করা হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা, পোশাকশ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
মনজুর আলম গত সিটি নির্বাচনে ‘পরিবর্তন—একটি উন্নত চট্টগ্রামের জন্য’-স্লোগান দিয়ে স্বল্পমেয়াদি ১৭ দফা, মধ্যমেয়াদি ১০ দফা ও দীর্ঘমেয়াদি ২৯ দফাসহ মোট ৫৬ দফার ইশতেহার ঘোষণা করেছিলেন। তাঁর প্রধান প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা সমস্যাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা।
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে মনজুর আলম বলেন, ‘প্রত্যেক কেন্দ্রে সেনাবাহিনী টহল দিক সেটি আমাদের দাবি। সরকার যদি আন্তরিকভাবে উপলব্ধি করে এই শহরে একটিও দুঃখজনক ঘটনা ঘটবে না...একটি ঘটনা না বললেই নয়। যে গাড়িতে (পিকআপ) আমি প্রচারণা চালাই সেই গাড়ির আয়না পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ভেঙে দেওয়া হয়েছে। চালককে আহত করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে। এটি দুঃখজনক। আমি বলব সেনাবাহিনী যদি টহলে থাকে তবে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারব।’ ভাঙচুরের সময় মনজুর আলম গাড়িতে ছিলেন না।
বিরোধী দলের মেয়র হয়ে সরকারের সহযোগিতা পাবেন কি না, জানতে চাইলে মনজুর আলম বলেন, ‘তাহলে আমি বলব, খাল খননে ২৯৭ কোটি টাকার অনুমোদন কীভাবে পেলাম। আমি তো বিএনপির মেয়র। আমি সরকারের কাছ থেকে টাকা আনতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন দিয়েছেন। এ ছাড়া এডিপিতে পাঁচ শ টাকা বরাদ্দ এনেছি। আমি বিএনপির মেয়র হিসেবে কাজ করি নাই, করেছি চট্টগ্রামের মেয়র হিসেবে।’
ইশতেহারে মনজুর আলম দাবি করেন, নগরের নালা-নর্দমা অবৈধ দখল ও জঞ্জালমুক্ত করতে ৮০ শতাংশ সফল হলেও সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রভাবশালী ব্যক্তিদের সম্পূর্ণ উচ্ছেদ করা সম্ভব হয়নি। পাঁচ বছর সময় পাওয়ার পরও কেন সম্পূর্ণ দখলমুক্ত করা হয়নি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশনের মতো এত বড় সংস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন একজন। অভিযান পরিচালনার জন্য সপ্তাহে পুলিশ পাওয়া যায় মাত্র চার দিন। একজন ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ প্রমুখ।