উন্নত চিকিৎসা চান একুশে পদকপ্রাপ্ত বাউল করিম

লালনের গান গেয়েছেন বিরামহীনভাবে। হার-জিত নির্ধারণের আগে কণ্ঠ থামেনি তাঁর। পেয়েছেন জনপ্রিয়তা, মিলেছে স্বীকৃতি। রাষ্ট্র তাঁকে একুশে পদকে সম্মানিত করেছে। সবই বাউল করিম শাহের অর্জন।
তবে এখন আর সেই অবস্থা নেই। তিনি বার্ধক্যে পৌঁছেছেন, আর গান গাইতে পারেন না। অনেক দিন ধরেই তিনি অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু অর্থের অভাবে তাঁর পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না।
গত ১৯ এপ্রিল দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ বাউল। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বিছানায় চিকিৎসাধীন আছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে করিম শাহের সঙ্গে কথা হয়। পরিচয় জানতে পেরে তিনি বলেন, ‘অবস্থা খুব খারাপ। শ্বাসকষ্ট হচ্ছে। ডানদিকে যন্ত্রণা। হাসপাতালে পড়ি আছি, চিকিৎসা করাতি পারছিনে। আমার জন্যি কিছু করেন।’
করিম শাহের বয়স হয়েছে ৯০। তিনি ২০১১ সালে বাউল শিল্পী হিসেবে শিল্পকলায় একুশে পদক পান। দেশ-বিদেশের অনেক জায়গায় গান গেয়েছেন তিনি।
করিম শাহের শয্যাপাশে ছিলেন তাঁর ভাগনে শফি শাহ। তিনি জানালেন, বয়স অনেক হওয়ায় এখন আর তাঁর মামা (করিম শাহ) গান গাইতে পারেন না। সম্ভবও না। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, ভারতসহ অনেক দেশে গান করেছেন তিনি। আজ হাসপাতালে কাতরাচ্ছেন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি।
গানের কথা বলতে গিয়ে অসুস্থ করিম শাহ বলেন, ‘আজকাল গান (লালনের গান) হচ্ছে না। লালনের সুরে কেউ গান করে না। আগে গান করেছি দুই রাত, তিন রাত, পাঁচ রাত পর্যন্ত। যতক্ষণ না ঠগা (হেরে যাওয়া) হইছে, ততক্ষণ গান চলেছে।’
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, প্রবীণ বাউল শিল্পী করিম শাহ লালনের গান শুদ্ধভাবে গাইতেন। তিনি তিন বছরের জন্য শিল্পকলায় ছাত্রদের লালনের গান শিখিয়েছেন। এখন তিনি অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসা খুবই জরুরি। এ জন্য সরকারের সহযোগিতা দরকার।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ সালেক মাসুদ মিয়া প্রথম আলোকে বলেন, করিম শাহের বয়স অনেক হয়েছে। তাঁর ফুসফুসে সমস্যা আছে। কয়েকটি পরীক্ষাও করা হয়েছে। ওষুধসহ নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঢাকার মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করে তাঁকে উন্নত সেবা দেওয়া হলে ভালো হতো।