উন্নত চিকিৎসার ঊর্ধ্বে চলে গেলেন বৃদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছির অগ্নিদগ্ধ সেই দুস্থ খোতেজা বিবি (৬০) তিন দিন অসহনীয় যন্ত্রণার সঙ্গে লড়াই করে গত মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে মারা গেছেন। নওগাঁ জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু টাকার অভাবে তাঁকে সেখানে নিতে পারেননি বৃদ্ধার স্বজনেরা।
এ নিয়ে গতকাল বুধবারই প্রথম আলোয় ‘টাকার অভাবে উন্নত চিকিৎসা হবে না দগ্ধ বৃদ্ধার?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও হুসাইন শওকত ও ইউএইচপিও জাহিদ নজরুল চৌধুরীকে সঙ্গে নিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে যান।
বৃদ্ধার স্বজনেরা জানান, ইউএনও বৃদ্ধার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার ৩০০ টাকা দিয়েছিলেন। ইউএইচপিও চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান।
স্থানীয় বালুভরা ইউপির চেয়ারম্যান শেখ আয়েন উদ্দিন বলেন, অগ্নিদগ্ধ বৃদ্ধা খোতেজা বিবি নিঃসন্তান ছিলেন। বৃদ্ধার স্বামীও ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এ অসহায় বৃদ্ধা গত রোববার রাতে কুপিবাতি জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নওগাঁ হাসপাতালে নেওয়া হয়।
ইউএনও হুসাইন শওকত বলেন, ‘অগ্নিদগ্ধ বৃদ্ধার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই সুযোগ দিলেন না। বৃদ্ধার স্বামীকে সাহায্য-সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।’