সন্দ্বীপের বিএনপিদলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার গুলিবিদ্ধ ছেলেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার বিকেলে বিমানে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, ‘আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা রোববার বিকেলে ১৫টি মোটরসাইকেলে করে এসে আমার বাড়িতে হামলা চালায়। তাঁদের সঙ্গে হামলায় অংশ নেয় শাহজাহান, জামাল ও টিটো বাহিনীর সদস্যরা। সন্ত্রাসীরা আমার বাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। আমাকে বাঁচাতে গিয়ে আমার ছেলে জাবেদ বুকে গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী প্রতিরোধ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে মোস্তফা কামাল পাশা বলেন, ‘পুলিশ ও কোস্টগার্ডকে বারবার অবহিত করা সত্ত্বেও ঘটনাস্থলে আসেনি। অথচ আমার বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে থানা। পুলিশ ঘটনাস্থলে আসে হামলার চার ঘণ্টা পর।’ সরকারবিরোধী আন্দোলন দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সহসভাপতি এস এম ফজলুল হক, বেলায়েত হোসেন প্রমুখ। পুলিশ জানায়, গত শনিবার রাতে সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকায় আকবর হোসেন ফকির নামের যুবলীগের এক কর্মীকে পিটিয়ে জখম করে ও তাঁর হাতের তিনটি আঙুল কেটে ফেলেন বিএনপির কর্মীরা। এ ঘটনার জের ধরে গত রোববার সকাল থেকে রহমতপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিন বেলা প্রায় সাড়ে তিনটার দিকে রহমতপুর এলাকায় বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। এ সময় বাড়ির জানালা খুলে তাকানোর সময় সাংসদের ছেলে গুলিবিদ্ধ হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাংসদের পারিবারিক সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংসদের ছেলে ইকবাল পাশার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। গুলিতে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। গতকাল চট্টগ্রাম মেডিকেলে অস্ত্রোপচার করে তাঁর বুক থেকে একটি বুলেট বের করা হয়। আরেকটি বুলেট বুকের এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার বিকেলে তাঁকে বিমানে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।