উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনকে শিলংয়ের বাইরে যাওয়ার অনুমতি
ভারতের শিলংয়ের একটি আদালত বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য মেঘালয়ের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন। ফলে তিনি এখন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির বাইরে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারবেন।
শিলংয়ের জেলা ও দায়রা জজ দাফিরা শতুন গতকাল সোমবার এই আদেশ দেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৯ ফেব্রুয়ারি শিলংয়ের আদালতে আমার আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলাম। আজ আদেশ হয়েছে বলে শুনেছি। তবে আদেশের কপি হাতে পাইনি। কপি হাতে পাওয়ার পর কিডনিতে অস্ত্রোপচারের জন্য দিল্লির মেদান্তা হাসপাতাল কিংবা এইমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস) কিংবা ভেলোরে যাওয়ার কথা ভাবছি।’ গত কয়েক মাসে তাঁর কিডনির জটিলতা বেড়েছে বলে তিনি জানান। গত মাসে তাঁকে তিনবার বিশেষায়িত ক্লিনিক শিলং সুপার কেয়ারে ভর্তি হতে হয়।
২০১৫ সালের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে কয়েক ব্যক্তি উঠিয়ে নিয়ে যান। ওই বছরের ১১ মে ভোরে শিলংয়ের গলফ-লিংক এলাকায় তাঁকে পাওয়া যায়। ওই বছরের জুলাই মাসে শিলংয়ের পুলিশ সালাহ উদ্দিনের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’-এ মামলা করে।