বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৪০ বছর বয়সী এক পুরুষের পেটে মানবভ্রূণ পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষটিকে একপলক দেখার জন্য কৌতূহলী লোকজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য আবদুল মালেককে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁর চিকিৎসা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে বগুড়ার চিকিৎসকেরা জানিয়েছেন।এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে মালেকের স্বজনেরা। কারণ এত টাকা জোগাড়ের সামর্থ্য তাদের নেই। এদিকে মালেককে নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সবার জিজ্ঞাসা—এটা কীভাবে সম্ভব!ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক গুলশান আরা প্রথম আলোকে বলেন, অবাক হওয়ার কিছু নেই। জন্মগতভাবে মালেকের এই অবস্থা। আসলে মালেকের পেটে যে আছে, সে তাঁর যমজ। তাঁর ভাইও হতে পারে, বোনও হতে পারে। মায়ের গর্ভে থাকা যমজ ভ্রূণ একটি অন্যটির মধ্যে ঢুকে যাওয়ার কারণেই এমনটি হয়েছে। মালেকের মায়ের গর্ভে যমজ ভ্রূণ ছিল। কোনো কারণে একটি ভ্রূণ মালেকের ভ্রূণে ঢুকে পড়ে। এরপর মালেক তাঁর শরীরে ভাই বা বোনের ভ্রূণ নিয়েই ভূমিষ্ঠ হন। এসব ক্ষেত্রে যে ভ্রূণটি ভেতরে ঢুকে পড়ে সেটির স্বাভাবিক বৃদ্ধি ঘটে না।চিকিৎসক গুলশান আরা আরও বলেন, সাধারণত গর্ভের বাচ্চা মায়ের ফুল (Placenta) দিয়ে খাবার গ্রহণ করে। আর মালেকের পেটে যে ভ্রূণটি আছে সেটি মালেকের রক্তনালি থেকে খাবার গ্রহণ করে বেঁচে আছে।শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম মাসুদুর রহমান জানান, নিজের শরীরে থাকা যমজ ভাই বা বোনের ভ্রূণের কোষগুলো রক্তনালির মাধ্যমে মালেকের শরীর থেকে পুষ্টি নিয়ে জীবিত আছে। ফলে জন্মের পর থেকেই মালেক মারাত্মক অপুষ্টির শিকার। এতে তাঁর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। মালেকের পেটে যে আছে সে ছেলে না মেয়ে জানা যায়নি। হাসপাতালের চিকিৎসক সুরজিৎ সরকার জানান, লোকজনের ভিড়ের কারণে রোগীকে বিশেষ নিরাপত্তায় আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। ঢাকায় যোগাযোগ চলছে। শিগগির তাঁকে সেখানে পাঠানো হবে। এটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ চিকিৎসা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের কাছে শুনেছি মালেককে ঢাকায় পাঠানো হবে। তাঁর অস্ত্রোপচার দেশেই করা সম্ভব।’ শিবগঞ্জ উপজেলার মিরাপুর গ্রামে গিয়ে কথা হয় মালেকের মা আজিতন বেওয়ার (৭০) সঙ্গে। তিনি বলেন, ‘হামাকের মালেকের কী হবি একন? ছোলডা কি আর ভালো হবি ন্যা? শুনিচ্চি ম্যালা ট্যাকা লাগবি ওর চিকিস্সার জন্যি। এত ট্যাকা হামরা পামো কুনটি!’ পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাই, এক বোনের মধ্যে মালেক সবার বড়। গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘পুরুষের পেটে মানবভ্রূণ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে চিকিৎসকেরা বলেছিলেন, এটি বিচিত্র নয়, তবে অস্বাভাবিক ঘটনা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ফিটাস ইন ফিটু’। বিশ্বে এ ধরনের ৯০ জন রোগীর সন্ধান মিলেছে।