
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটাই এখনকার বাস্তবতা। তবে উন্নত দেশে পরিণত হতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলেও মন্তব্য করেন তিনি৷
প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় গতকাল শনিবার প্রধানমন্ত্রী এ কথা বলেন৷ ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে নিজের ‘দৃঢ় বিশ্বাসের’ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হব। সে ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।’
সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে, সেই তালিকা চাওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই টাকা ব্যাংক থেকে যথাসম্ভব ফিরিয়ে এনে দেশের মানুষের উন্নয়নে ব্যবহার করব।’
প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটের প্রশংসা করেন৷ এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী মায়েদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে সবার দিকে নজর দিচ্ছে৷
সংসদ নেতা বলেন, ডিসেম্বরে বেতন কমিশনের প্রতিবেদন পেলে সরকারি কর্মকর্তাদের বেতন আরেক দফা বৃদ্ধি করা হবে। এই বাজেট বাস্তবায়িত হলে আর্থসামাজিক উন্নয়ন আরও বৃদ্ধি পাবে, মানুষ উন্নত জীবন যাপন করবে।
যাঁরা টক শোতে বাজেটের সমালোচনা করছেন, তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন এতগুলো টেলিভিশন চ্যানেল হয়ে গেছে যে, কথা বলার লোকের অভাব নেই৷ মধ্যরাতে বসে সরকারের সবকিছুতেই সমালোচনা করা হয়। রাতে ঘুম না পেড়ে এঁরা কী যে আনন্দ পান, জানি না। তাঁরা এই বাজেটকে অবাস্তব, উচ্চাভিলাষী বলেন৷ আরও বলেন, বিনিয়োগ বাড়বে না, মুদ্রাস্ফীতি কমবে না।’
শেখ হাসিনা বলেন, গত বাজেট দেওয়ার সময়ও একই সমালোচনা শুনতে হয়েছিল৷ কিন্তু দেশে রিজার্ভ, প্রবৃদ্ধি ও রপ্তানি-আয় বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে, উন্নয়ন বাজেটের ৯৬ ভাগ বাস্তবায়িত হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘দেশে এখন চার কোটি ৯০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, ১৬ কোটি মানুষের দেশে ১১ কোটি সিম কার্ড রয়েছে। দেশের প্রায় সব সেবামূলক কাজই মোবাইলে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই অনেক দেশ আমাদের অভিজ্ঞতা জানতে আসছে।’
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে রওশন এরশাদ নির্বাচনে এসেছেন। এখন বিরোধীদলীয় নেতা আমার সমালোচনা করছেন৷ অনেকগুলোই গঠনমূলক সমালোচনা, যা দেশ ও জনগণের কাজে আসবে।’
ফরমালিন নিয়ে রওশন এরশাদের বক্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা জানতে পারতেন না, যদি সরকার এগুলো ধরার উদ্যোগ না নিত। আমরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাত্ক্ষণিক শাস্তির ব্যবস্থা করেছি।’
পানি নিয়ে পাল্টাপাল্টি: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর উদ্দেশে রওশন এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী ভালো পানি খাচ্ছেন। বুঝতে পারছেন না। অন্যদের জিজ্ঞাসা করেন, মন্ত্রীদের জিজ্ঞাসা করেন, দূষিত পানির কী অবস্থা?’
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী নেতা বলেছেন, আমি ভালো পানি খাই। আমি তো দেশি পানি খাই। কিন্তু উনার (বিরোধীদলীয় নেতা) টেবিলে বিদেশি পানির বোতল। উনি বিদেশি পানি খান।’
এ সময় অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে। রওশন এরশাদ কিছুটা বিব্রত হন। তাঁর টেবিলে এ সময় সবুজ রঙের বিদেশি পানির একটি বোতল ছিল। এ পর্যায়ে প্রধানমন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করেন৷
সকাল ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু৷