উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এ ব্যাপারে বিশ্ববাসীকে আরও সোচ্চার হতে হবে৷ বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো দায় নেই৷ অথচ বাংলাদেশই মারাত্মক ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে৷
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও সাত দিনব্যাপী পরিবেশ মেলা এবং তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী৷
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু৷ স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী৷
অনুষ্ঠানে হাজারীবাগের ট্যানাির সাভারে স্থানান্তরের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী চামড়া ব্যবসায়ীদের দ্রুত সেখানে তাঁদের কারখানা স্থানান্তরের নির্দেশ দেন৷ তিনি বলেন, ‘যাঁরা সময়মতো কারখানা স্থানান্তর করবেন না, সেসব কারখানা বন্ধ করে দিতে আমরা বাধ্য হব৷’
বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নদীর উভয় পাড়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে৷
শেখ হাসিনা বলেন, ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০১৪’-এর এবারের প্রতিপাদ্য ‘অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে৷
যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান পরিবেশ পদক ২০১৪, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৩, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পুরস্কার ২০১৪ অর্জন এবং সামাজিক বনায়নে লভ্যাংশের চেক পেয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও চেক তুলে দেন৷
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক েমা. খবিরউদ্দিনকে, টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত ও রুরাল সার্ভিস ফাউন্ডেশন ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক পায়৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. মো. মোস্তফা ফিরোজ, পটুয়াখালীর কলাপাড়ার মো. বন্দে আলী খান, নাটোরের নলডাঙ্গার মো. জুয়েল রানা ও নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০১৪ পুরস্কার পায়৷
৩০টি প্রতিষ্ঠান ও ১০টি ক্যাটাগরিতে আলাদাভাবে বিভিন্ন ব্যক্তি প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৩ লাভ করেন৷ নওগাঁর ধামইরহাট উপজেলার মো. ফজলুর রহমান ২০১৩ সালের সামাজিক বনায়ন কর্মসূচিতে সেরা উপকারভোগীর পুরস্কার পান৷ পরে প্রধানমন্ত্রী বিআইসিসি প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন৷