
চট্টগ্রামে গতকাল শনিবার বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের বড় বড় শহরের ন্যায় চট্টগ্রামেও এই কেন্দ্র স্থাপিত হলো। এর ফলে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে শামিল হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ব বাণিজ্য কেন্দ্র যেকোনো দেশের জন্যই অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক।
চট্টগ্রামের আগ্রাবাদে গতকাল বিশ্ব বাণিজ্য কেন্দ্র (ডব্লিউটিসি) চত্বরে ওই কেন্দ্র উদ্বোধন এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) শতবর্ষ উদ্যাপন উপলক্ষেÿ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
এর আগে দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রেজিমেন্টাল কমান্ডারদের সম্মেলন এবং নবম টাইগার্স রিইউনিয়ন উপলক্ষেÿ প্যারেড অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ ছয়টি প্রকল্প উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বিশ্ব বাণিজ্য কেন্দ্র উদ্বোধনের পর শেখ হাসিনা বলেন, ‘এই সেন্টারে দেশের সব রপ্তানিপণ্য একই ছাদের নিচে প্রদর্শনের যে ব্যবস্থা রয়েছে, তা এক কথায় অসাধারণ। বিদেশিরা এখানে এসে আমাদের পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারবে, যা আমাদের রপ্তানি বৃদ্ধি করবে।’ প্রধানমন্ত্রী এই বিশাল ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য চিটাগাং চেম্বার নেতৃত্বকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী সব খাতে দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে যথাসময়ে কর পরিশোধ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি যথাসময়ে কর পরিশোধ করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। যাতে আমাদের উন্নয়ন আমরা নিজেরাই করতে পারি এবং আমাদের ভিক্ষা করার কোনো প্রয়োজন না হয়।’
দেশে-বিদেশে যেসব পণ্যের অনেক চাহিদা রয়েছে, সেগুলোর জন্য বিদেশে বাজার অনুসন্ধান এবং বিপুল পরিমাণে উৎপাদনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার (বিসিআইএম) ইকোনমিক করিডরসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাজার সম্প্রসারণের লক্ষ্যে আপনাদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করেছি। তাই আমরা চাই যে আপনারা বিভিন্ন দেশের চাহিদা বিবেচনা করে নতুন বাজার অনুসন্ধান এবং বাংলাদেশে সেসব পণ্য উৎপাদনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও সাবেক সভাপতি সাংসদ আবদুল লতিফ বক্তব্য দেন।
সেনাবাহিনীর অনুষ্ঠান: চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) কমান্ডারদের সম্মেলন এবং নবম টাইগার্স রিইউনিয়নের প্যারেড অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতির স্বার্থে যেকোনো আত্মত্যাগ করতে সব সময় প্রস্তুত থাকবে। এ লক্ষ্যে সেনাবাহিনীতে যোগ্য ও দেশপ্রেমিক কমান্ডিং অফিসার প্রয়োজন।
শেখ হাসিনা আরও বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাঁর পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। কারণ, তাঁর দুই ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট শেখ জামাল এই রেজিমেন্টের অফিসার ছিলেন।
প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর আগে তিনি সেখানে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাঁকে স্বাগত জানান। মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধুর দুই ছেলে যথাক্রমে শেখ কামাল ও শেখ জামালের ইবিআরে যোগদানের দুটি স্মারক গ্রহণ করেন। চট্টগ্রাম সেনানিবাসের ইবিআর সেন্টারে ইবিআর কমান্ডারস সম্মেলনে সিনিয়র ও জুনিয়র টাইগার্স কমান্ডারদের কাছ থেকে স্মারক দুটি গ্রহণ করার সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।
শেখ কামাল ১৯৭১ সালের ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে যোগ দেন। শেখ জামাল ১৯৭৫ সালের ২৫ জুলাই ইবিআরে জুনিয়র অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
ছয় প্রকল্প উদ্বোধন: সেনানিবাসের অনুষ্ঠানের পর নগরের কুয়াইশ এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অক্সিজেন-কুয়াইশ সড়কের (এখন নতুন নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ) দুই প্রান্তেই দুটি ম্যুরাল নির্মাণ করেছে। এতে খরচ হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
কুয়াইশে নির্মিত তিন কোনা ম্যুরালটি প্রায় ৪২ ফুট উঁচু এবং এটিই দেশের সবচেয়ে উঁচু ম্যুরাল। আর অক্সিজেন পয়েন্টের ম্যুরালটির উচ্চতা ২৬ ফুট।
এ ছাড়া আরও পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসবের মধ্যে রয়েছে কদমতলী ফ্লাইওভার, সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামি সড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বাইরের পরিধিতে লুপ রোড ও চিটাগাং সিটি আউটার রিং রোড।
নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।