উন্নত পয়োব্যবস্থা শিশুর খর্বতা কমাবে
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। সিলেট অঞ্চলে এই বয়সের অর্ধেক শিশুই খর্বকায়
শিশু খর্বকায় হওয়ার প্রাথমিক কারণ আন্ত্রিক রোগ। জীবাণু শিশুর ক্ষুদ্রান্ত্র ক্ষতিগ্রস্ত করে। বাইরে থেকে এর লক্ষণ ধরা পড়ে না। বিজ্ঞানীরা বলছেন, সুন্দর পরিবেশ ও উন্নত পয়োব্যবস্থা শিশুর খর্বতা দূর করে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের পুষ্টিবিজ্ঞানী জন এইচ হামফ্রি ও জিম্বাবুয়ের জিভিটাম্বো ইনস্টিটিউট অব মাদার অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের বিজ্ঞানী ডুডুজি এন এন বুইয়া দাবি করেছেন, স্বাস্থ্যবিধি ও উন্নত পয়োব্যবস্থা কর্মসূচি পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণের পথে বাধা সৃষ্টি করবে এবং তা শিশুর খর্বতা কমাতে সহায়তা করবে। এ বিষয়ে তাঁদের বৈজ্ঞানিক প্রবন্ধ গত জুনে প্রথমে যুক্তরাষ্ট্রের ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন সাময়িকীতে ছাপা হয়েছে।
ওই প্রবন্ধে বলা হয়েছে, ২০১১ সালে পৃথিবীর পাঁচ বছরের কম বয়সী প্রতি চারটি শিশুর একটি ছিল খর্বকায়। বয়সের তুলনায় এদের উচ্চতা কম। এদের সংখ্যা ছিল ১৬ কোটি ৫০ লাখ। অপর্যাপ্ত বা অপুষ্টিকর খাবার কিংবা ডায়রিয়ার কারণে তারা খর্বকায় হয়েছে, সর্বক্ষেত্রে এ যুক্তি প্রমাণিত হয়নি। আবার উন্নত খাবার দিয়ে বা ডায়রিয়ার পরিমাণ কমিয়ে খর্বতা কমানো সম্ভব হয়নি। তারা বলছেন, অন্ত্রে বাসা বাঁধা জীবাণু শিশুর উচ্চতা বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
এ নিয়ে জিম্বাবুয়ে, কেনিয়া ও বাংলাদেশে তিনটি পৃথক গবেষণা চলছে। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। সিলেট অঞ্চলে এই বয়সের অর্ধেক শিশুই খর্বকায়।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা দুবছর ধরে এ নিয়ে পরীক্ষা (ট্রায়েল) চালিয়েছেন। তবে ফলাফল নিয়ে কোনো তথ্য এখনই দিতে রাজি নন তাঁরা। আইসিডিডিআরবির সংক্রমণ ব্যাধি বিভাগের প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুই বছর ধরে আমরা ট্রায়েল করেছি। সেটি শেষ। এখন আমরা তথ্য বিশ্লেষণ করছি। আশা করি নভেম্বর নাগাদ চূড়ান্ত ফলাফল পাব।’
বিজ্ঞানীদের যুক্তি: বিজ্ঞানীরা বলছেন, পরিবেশগত কারণে অন্ত্র কার্যকারিতা হারায়। পানি, খাবার বা হাতের মাধ্যমে জীবাণু শিশুর শরীরে ঢোকে। এসব জীবাণু ক্ষুদ্রান্ত্রে বাসা বাঁধে, শিশু দুর্বল হয়, কিন্তু রোগের লক্ষণ স্পষ্ট হয় না।
দুভাবে কাজটি হয়। প্রথমত, জীবাণুগুলো বাসা বাঁধার কারণে ক্ষুদ্রান্ত্রের কাঠামো ও কাজের ধরনের পরিবর্তন হয়। এতে ঝিল্লি ক্ষতিগ্রস্ত হয়। যে অংশ দিয়ে ঝিল্লি পুষ্টি শোষণ করে, তার আয়তন কমে যায়। এর ফলে ঝিল্লির শোষণক্ষমতা হ্রাস পায়। সঠিকভাবে পুষ্টি শোষিত হয় না। দ্বিতীয়ত, ঝিল্লি কোষের বন্ধন শিথিল হওয়ার কারণে জীবাণু অন্ত্রের দেয়াল ভেদ করে। এতে ক্ষুদ্রান্ত্রে প্রদাহ সৃষ্টি হয়। বিজ্ঞানীরা বলছেন, এই প্রদাহের কারণে হাড়ের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, হরমোন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা দেখা দেয়। পাশাপাশি পুষ্টির চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু পুষ্টি শোষিত হয় না। এগুলো উচ্চতা বৃদ্ধির (লিনিয়ার গ্রোথ) পথে বাধা।
করণীয়: বিজ্ঞানীরা বলছেন, আন্ত্রিক রোগের জীবাণু বা অন্য জীবাণু গলাধঃকরণ বন্ধ করা গেলে শিশুদের অপুষ্টি সমস্যা দূর হবে। আর এর জন্য দরকার শিশুদের উদ্দেশ্য করে পয়ঃকর্মসূচি (ওয়াটার অ্যান্ড স্যানিটেশন) হাতে নেওয়া।
এ ব্যাপারে জানতে চাইলে ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক খায়রুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্যের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পয়োব্যবস্থা কর্মসূচির সঙ্গে শিশুদের খর্বতার হারের সম্পর্ক আছে। পয়োব্যবস্থা যেসব রাজ্যে দুর্বল, সেসব রাজ্যে খর্বকায় শিশুর হার বেশি। বাংলাদেশেও দু-একটা প্রকল্পে দেখা গেছে, মায়েরা শিশুদের খাওয়ানোর আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুলে শিশুদের খর্বতা কমে। এ বিষয়ে জাতীয়ভাবে বড় ধরনের প্রচার-প্রচারণা দরকার বলে তিনি মন্তব্য করেন।