উন্নত বিদ্যুৎসেবা পাওয়া গ্রাহকদের অধিকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পরিকল্পনামাফিক গ্রাহকদের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহকসংখ্যা ৩ কোটি ১৮ লাখ। উন্নত বিদ্যুৎসেবা পাওয়া গ্রাহকদের অধিকার। তাই গ্রাহক সন্তুষ্টিই মূল লক্ষ্য হওয়া উচিত। এ লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার আরইবি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ এসব কথা বলেন। তিনি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব দিতে হবে। বিদ্যুৎ-সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে আরইবির কর্মকর্তা-কর্মচারীদের অবদান রাখতে হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন বিবেচনা করেই বঙ্গবন্ধু সংবিধানে গ্রামাঞ্চলে বিদ্যুতায়নে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। গ্রাম ও শহরের বৈষম্য দূর করাই ছিল এর মুখ্য উদ্দেশ্য। প্রতিটি গ্রামে আধুনিক নগরসুবিধা সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম-আমার শহর’ প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়নের নেপথ্যে অগ্রণী ভূমিকা রাখবে বিদ্যুৎ-তথা আরইবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন। এতে আরও বক্তব্য দেন বিদ্যুৎ-সচিব মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ বিভাগের নীতি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রমুখ।