উন্নত বিশ্বেও বাল্য বিয়ে প্রসঙ্গে দ্বিধা নিয়ে কথা বলতে হয়
দক্ষিণ এশিয়ার মধ্যে বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার পথে বাল্য বিয়ে বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, বাল্য বিয়ে মানবাধিকারের লঙ্ঘন। উন্নত বিশ্বে গিয়ে বাল্য বিয়ে প্রসঙ্গে দ্বিধা নিয়ে কথা বলতে হয়। বাল্য বিয়েকে উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংগঠন কেয়ারের ‘বাল্যবিবাহ প্রতিরোধে টিপিং পয়েন্ট: ইনোভেশন অ্যান্ড অ্যাডভোকেসি অর অ্যাড্রেসিং আন্ডারলাইয়িং কজেস অব চাইল্ড ম্যারেজ’ শীর্ষক প্রকল্প আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় কেন অপরিণত বয়সে বিয়ে দেওয়া হচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে। সামাজিক সমস্যাগুলোর সমাধান না করলে বাল্য বিয়ে বন্ধ করা যাবে না। অন্যদিকে সামাজিক রীতিনীতি ধাপে ধাপে পরিবর্তন করতে হয়। এ ধরনের পরিবর্তন দৃশ্যমান হতে সময় লাগে।
অনুষ্ঠানে আলোচকেরা জানান, টিপিং পয়েন্ট প্রকল্পের অধীনে ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ ও নেপালে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক অংশগ্রহণমূলক গবেষণা করা হয়। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই, দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলার ১৩টি গ্রামে এ গবেষণা পরিচালিত হয়। এ গবেষণার বিভিন্ন ফলাফল তুলে ধরেন কেয়ার ইউএসএর জেন্ডার অ্যান্ড এমপাওয়ারমেন্ট এর জ্যেষ্ঠ পলিসি অ্যাডভাইজার মিলকা কিহুনাহ এবং কেয়ারের প্রতিনিধি প্রকিটি নকরেক।
গবেষণায় উঠে এসেছে, এপ্রিল থেকে মধ্য আগস্ট পর্যন্ত বর্ষাকালে হাওর অঞ্চল প্লাবিত হয়ে যায়। তখন ছেলে মেয়েদের স্কুলে যাওয়া কঠিন হয়ে যায়। পরিবারের পুরুষদের অনেকে মধ্যপ্রাচ্যে চলে যান। তবে যাওয়ার আগে সন্তানদের বিয়ে দিতে চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিল সুনামগঞ্জের দুই শিশু সাদিয়া আক্তার এবং জুবায়ের হোসেন। জানায়, আগে স্বপ্ন দেখতে জানত না তারা। তাদের এলাকায় এ প্রকল্প পরিচালিত হওয়ার পর তারা জানতে পেরেছে স্বপ্ন দেখলে তার বাস্তবায়ন করা সম্ভব। তবে অভিভাবকেরা বিয়ে দিয়ে দিলে স্বপ্ন বাস্তবায়নের পথ রুদ্ধ হয়ে যায়।
প্যানেল আলোচক বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ভারতে পাচারের শিকার যে মেয়েদের উদ্ধার করা হয় তাদের ৯০ শতাংশই বাল্য বিয়ের শিকার ছিল। বাল্য বিয়ের শিকার মেয়েদের সঙ্গে স্বামীরা যে শারীরিক সম্পর্ক করেন তাকে ‘মেরিটাল রেপ’ বলতে হবে। মেয়েদের বিয়ের বয়স কমানো নিয়ে কোনো ধরনের শর্ত বা বিশেষ ধারা সংযোজন না করে আইনের খসড়াটি চূড়ান্ত করার আহ্বান জানান সালমা আলী। এনজিওর প্রকল্পভিত্তিক কাজ শেষে কমিউনিটি যাতে ওই কাজকে চলমান রাখে সে আহ্বানও জানান তিনি।
কেয়ার নেপালের অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার আইউশা নিরলা জানান, তাঁর দেশের সরকার বাল্য বিয়ে প্রতিরোধে মেয়েদের বিশেষ বৃত্তি, নারী শিক্ষক বাড়ানো, বাজেটে বরাদ্দ দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
ভারতের নয়াদিল্লির নিরন্তর ট্রাস্টের টিম লিডার অ্যাপেকশা ভরা জানান, তাঁর দেশে শিশুদের প্রতি যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন আছে। তবে বাল্য বিয়ে নিরোধ আইনে অভিভাবকের সম্মতিতে ১৬ বছর বয়সের বিয়েকে বৈধ বিয়ে বলা হয়েছে।
অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশের সহকারী দেশীয় পরিচালক আরশাদ মাহমুদ স্বাগত বক্তব্য দেন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।