উন্নত বিশ্বের আরও সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অধিকতর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশগুলোর কাছে আরও আর্থিক সহায়তা ও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মিচেল ত্রিনকুইয়ার সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান। খবর বাসসের।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষায় নিজস্ব সম্পদ থেকে ৩৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে। এখন এই তহবিল থেকে ব্যয় করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর অঙ্গীকারকৃত অর্থ ছাড় দিতে তাদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে রাষ্ট্রদূত বিশ্বসভায় জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি শিক্ষা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার আফ্রাসিয়াব মেহদি হাশমি। এ সময় প্রধানমন্ত্রী যেকোনো দেশের উন্নয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।