বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম শমসের আলী বলেছেন, আগামী প্রজন্মকে হতে হবে বিজ্ঞানমনস্ক। উন্নত বিশ্বের সঙ্গে চলতে হলে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। বিজ্ঞান শিক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যথাযথ ভূমিকা দরকার।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চতুর্থ বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের তৃতীয় ও সমাপনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফিজিকস অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল কবির।
তিনি জানান, গত বছরের জুলাই মাসে ডেনমার্কে অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পাঁচজন প্রতিযোগীর মধ্যে তিনজনই ছিলেন চট্টগ্রামের শিক্ষার্থী। সারা দেশ থেকে ২০০ জন প্রতিযোগী নিয়ে ২৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিকস অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।