উন্নত মহিষ পালনে নানা সমস্যা
ঘাস-খাদ্য, পানি ও আবাসস্থলের সংকট দূর, উন্নত চিকিৎসা প্রদান, পর্যাপ্ত চিকিৎসক, ঘরে ঘরে খামার তৈরি, জিন পরিবর্তন করার মাধ্যমে মহিষের মাংস নরমসহ অসহায় খামারিদের ঋণসুবিধা দিলে বাংলাদেশে উন্নত পদ্ধতিতে মহিষ পালন জনপ্রিয় হয়ে উঠবে। আর ভোলার চরাঞ্চল ও বসতবাড়ি মহিষ পালনের উর্বর ভূমি।
গতকাল রোববার বেলা ১১টায় গ্রামীণ জন-উন্নয়ন সংস্থা (জিজেইউএস) মিলনায়তনে ‘উন্নত পদ্ধতিতে মহিষ পালন’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালার আয়োজন করেছে জিজেইউএস। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে কর্মশালায় উন্নত ধান ও মুগ ডালের বাজার সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার, চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিরণ্ময় বিশ্বাস, সংস্থার সমন্বয়কারী কামাল হোসেন, কারিগরি কর্মকর্তা (প্রাণী) মো. খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালহা তালুকদার।
বক্তারা বলেন, ভোলার চরাঞ্চলের মহিষ ঘাস ও পানির সংকটে মারা যাচ্ছে। মিঠাপানির টানে হরিণ গ্রামে উঠে এসে মানুষের হাতে ধরা পড়ছে। ঝড়-জলোচ্ছ্বাসের সময় এসব প্রাণীর নিরাপদ অবস্থান নেওয়ার কোনো উঁচু মাটির কেল্লা নেই।
জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন ঘাস ও পানিসংকট দূরীকরণে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।