উন্নত মানের ইউরিয়া বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সারের অপচয় রোধে গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) উন্নত গুণাগুণ সমৃদ্ধ নতুন ধরনের ইউরিয়া বিতরণ কার্যক্রম শুরু করেছে। নাটোরের বাফার গুদাম থেকে এ ধরনের সার ডিলারদের মধ্যে বিতরণ করা হয়।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান গতকাল দুপুরে ডিলারদের মাঝে এ ইউরিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে নাটোরের ৭টি উপজেলার ৬৫ জন ডিলারের মাধ্যমে মাঠপর্যায়ের কৃষকদের মাঝে উন্নতমানের এই ইউরিয়া পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
নাটোর বাফার গুদামের উপসহকারী রসায়নবিদ আবদুল গাফফার বলেন, দেশে এই প্রথম ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় উন্নতমানের ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। এ সারের বৈশিষ্ট্য অন্যান্য সারের তুলনায় একটু আলাদা। প্রতিটি দানাদার ইউরিয়া সার ফরমাল ডিহাইড্রেড আবরণযুক্ত। ফলে এটি ফসলের চাহিদা অনুযায়ী ব্যবহৃত হওয়ার পর অবশিষ্টাংশ বাতাসে মিলিয়ে না গিয়ে মাটির নিচে সংরক্ষিত থাকে। এটি পরবর্তী ফসলের চাহিদা পূরণে কাজ করে।
নাটোরের বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইদুল হক বলেন, বোরো মৌসুমে নাটোরে ইউরিয়ার চাহিদা প্রায় ৫০ হাজার মেট্রিক টন। এর মধ্যে উন্নতমানের ৮১৬ মেট্রিক টন দানাদার ইউরিয়া বরাদ্দ পাওয়া গেছে। সারের অপচয় রোধে পর্যায়ক্রমে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে উন্নতমানের এই ইউরিয়া বিতরণ শুরু হয়েছে।