উন্নত যোগাযোগের ওপর নির্ভর করে এ অঞ্চলের ভবিষ্যৎ প্রবৃদ্ধি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরস্পরের মধ্যে উন্নত যোগাযোগের ওপর এ অঞ্চলের দেশগুলোর ভবিষ্যৎ প্রবৃদ্ধি নির্ভরশীল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সোনাম টি রাবগের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ভুটানকে ট্রানজিট ও অনেক যোগাযোগ-সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা এখন বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপালের (বিবিআইএন) মধ্যে মোটরযান চলাচল চুক্তি বাস্তবায়নের অপেক্ষায় আছি।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বিবিআইএন মোটরযান চুক্তি পাস হওয়ায় ভুটানকে ধন্যবাদ জানান।

ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ সহযোগিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনা বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর কাজে লাগবে বলে আশা করি। ভারতও বিবিআইএন কাঠামোর আওতায় বিদ্যুৎ খাতে সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক অবস্থানে রয়েছে। আমরা পারস্পরিক স্বার্থে এই নতুন দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে পারি।’

দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ভুটানের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের উচ্চপর্যায়ে সফর বৃদ্ধি পাওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নিবিড় হয়েছে। ভুটানের পার্লামেন্ট মোটরযান চুক্তি অনুসমর্থনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত সোনাম বলেন, ভূমিবেষ্টিত দেশ হওয়ায় ভুটান এই চুক্তি নিয়ে এগিয়ে যেতে আগ্রহী।