
খোলা জায়গায় মলত্যাগের হার বিস্ময়করভাবে কমিয়ে আনলেও বাংলাদেশ স্বাস্থ্যসম্মত উন্নত শৌচাগার ব্যবহারে সন্তোষজনক সাফল্য দেখাতে পারেনি। বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ এখন স্বাস্থ্যসম্মত উন্নত শৌচাগার ব্যবহারের সুযোগ পায়। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে এই হার ৬৭ শতাংশে পৌঁছার কথা ছিল। এটি এখন আর অর্জন করা সম্ভব হচ্ছে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) যৌথ উদ্যোগে প্রকাশিত পানি ও স্যানিটেশন নিয়ে জরিপ প্রতিবেদনে (প্রগ্রেস অন ড্রিংকিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ২০১৪) এই তথ্য প্রকাশ করা হয়। গতকাল বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। এই জরিপ জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমপি) মানদণ্ড নামে পরিচিত। পানি ও স্যানিটেশনের সঙ্গে সংশ্লিষ্ট সারা বিশ্বের পেশাজীবী ও সংস্থাগুলোর কাছে পানি সরবরাহ এবং স্যানিটেশন প্রাপ্তি নিয়ে এই মানদণ্ড সবচেয়ে গ্রহণযোগ্য। এই প্রতিবেদন দুই বছর পর পর প্রকাশ করা হয়।
প্রতিবেদনের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণ এই খাতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়া। এ ক্ষেত্রে দুটো বাস্তব সমস্যা আছে। শহরের প্রায় ৪০ শতাংশ মানুষ বস্তিতে বসবাস করে। ভাগাভাগি করে শৌচাগার ব্যবহার করা ছাড়া তাদের উপায় থাকে না। আর দারিদ্র্যের কারণে গ্রামের বেশির ভাগ মানুষ উন্নত শৌচাগারব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় না।
মনজুর হোসেন মনে করেন, স্যানিটেশন খাতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগেরও প্রয়োজন আছে।
গতকালের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এমডিজির লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বাংলাদেশে উন্নত শৌচাগার ব্যবহারের হার বাড়ছে। ১৯৯০ সালে এই হার ছিল ৩৩ শতাংশ, ২০০০ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৩ শতাংশে। এই অর্জনের জন্য বাংলাদেশ সত্যিই গর্ব করতে পারে। পাশের দেশ ভারতে এই অঞ্চলের সর্বোচ্চ ৪৮ শতাংশ মানুষ এখনো খোলা জায়গা ব্যবহার করে। নেপালে এই হার ৪০, পাকিস্তানে ২৩।
দেশের ২৮ শতাংশ মানুষকে এখনো ভাগাভাগি করে শৌচাগার ব্যবহার করতে হয়। আবার ১২ শতাংশ মানুষ অনুন্নত শৌচাগার ব্যবহার করে।
শৌচাগার ব্যবহারে এ ধরনের দুর্বল অবস্থা থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য খোলা জায়গায় মলত্যাগের হার কমানো। বাংলাদেশ, ভিয়েতনাম ও পেরু—এই তিনটি দেশ উন্মুক্ত স্থানে মলত্যাগের হার একক সংখ্যায় নিয়ে আসতে পেরেছে। জেএমপির প্রতিবেদন অনুসারে, এখন বাংলাদেশের মাত্র ৩ শতাংশ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে। অথচ ১৯৯০ সালেও এই হার ছিল ৩৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর আড়াই শ কোটি মানুষের এখনো উন্নত শৌচাগার নেই। প্রায় এক শ কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে। ২০১৩ সালে তিন লাখ ৪০ হাজার পাঁচ বছরের কম বয়সী শিশু সুপেয় পানি, স্যানিটেশনের অভাবে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। অর্থাৎ গত বছর বিশ্বে প্রতিদিন এক হাজার শিশু ডায়রিয়ায় মারা গেছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইডের বাংলাদেশের প্রধান খায়রুল ইসলাম মনে করেন, উন্মুক্ত স্থানে মলত্যাগের হার কমিয়ে আনার সাফল্যের আত্মতুষ্টিতে ভুগে উন্নত শৌচাগারের বিষয়টি নজর এড়িয়ে গেছে। অনুন্নত শৌচাগারের হার কমিয়ে আনার বিষয়েও সরকারি চেষ্টা স্থবির হয়ে গেছে বলে মনে করেন তিনি। পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকারিভাবে সহজ শর্তে আর্থিকভাবে অনগ্রসর মানুষকে ঋণ দেওয়ার মতো কর্মসূচি নেওয়া যেতে পারে বলে মত দেন খায়রুল।
স্যানিটেশন ব্যবস্থা ভালো না হলে পরিবেশেরই ক্ষতি হয়। এর স্বাস্থ্যগত প্রভাব ব্যাপক। মলমূত্র পরিবেশে মিশে গিয়ে বাড়ন্ত শিশুদের অসুখ তৈরি করে। প্রভাব ফেলে তাদের বৃদ্ধিতে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে (২০১১) দেখা গেছে, দেশের ৪১ শতাংশ শিশু এখনো খর্বাকৃতির সমস্যায় ভুগছে।
তবে স্যানিটেশনে ক্ষেত্রে এমডিজির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব না হলেও সুপেয় পানি সরবরাহে বাংলাদেশ এই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলেছে। বাংলাদেশে ৮৫ শতাংশ মানুষ সুপেয় পানি পায়। ১৯৯০ সালে এই হার ছিল ৬৮ শতাংশ। এ ক্ষেত্রে ভারতের ৯৩ শতাংশ এবং নেপালে ৮৮ শতাংশ মানুষ সুপেয় পানি পায়। পাকিস্তানে এই হার বাংলাদেশের মতোই, ৮৫ শতাংশ।