উন্নতি করতে হবে সামাজিক সূচকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা মাতাভেল পিচিন
আর্জেন্টিনা মাতাভেল পিচিন

সামাজিক নানা ক্ষেত্রে বাংলাদেশের অনেক অগ্রগতি হলেও মাতৃমৃত্যু, বাল্যবিবাহ ও লৈঙ্গিক নির্যাতনের মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। তাই শুধু অর্থনৈতিক সূচকেই নয়, সব সামাজিক সূচকেও অগ্রগতির মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে দেখতে চায় জাতিসংঘ।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এদেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচিন গত বৃহস্পতিবার তাঁর দপ্তরে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
ইউএনএফপিএর এদেশীয় প্রতিনিধি এই প্রতিবেদকের সঙ্গে আলাপের সময় শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তবে আত্মতুষ্টিতে না ভুগে এ সাফল্যকে টেকসই করার পাশাপাশি পিছিয়ে পড়া ক্ষেত্রগুলোতে মনোযোগী হওয়ার ওপর জোর দেন। ‘ঝিমিয়ে পড়া’ পরিবার পরিকল্পনা কর্মসূচি আবার চাঙা করাকে ‘সময়ের দাবি’ হিসেবে উল্লেখ করেন তিনি।
গত আগস্টে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মঙ্গোলিয়া ও বতসোয়ানায় জাতিসংঘের সংস্থাটির এ পদে কাজ করেছেন আর্জেন্টিনা মাতাভেল।
বাল্যবিবাহকে বাংলাদেশের জন্য একটি জটিল বিষয় হিসেবে অভিহিত করে মাতাভেল বলেন, এ দেশে মাতৃমৃত্যুর এটিই প্রধান কারণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১৮তে পা দেওয়ার আগেই বাংলাদেশের নারীদের ৬৫ শতাংশের বিয়ে হয়ে যায়। আর এ দেশের শিশুদের ৬৯ শতাংশ জন্ম নেয় বাড়িতে। প্রতি এক লাখ প্রসূতির মধ্যে ১৯৪ জন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যান।
এ প্রসঙ্গে মাতাভেল বলেন, ‘এ হার অত্যন্ত উদ্বেগজনক। এ কারণেই মাতৃমৃত্যুর হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের কাজ করতে হবে। ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।’
জাতিসংঘ সংস্থার এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এ পরিস্থিতিতে কীভাবে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে? তাই আমার কাজটা হচ্ছে সরকারকে বলা যে শুধু অর্থনৈতিক মানদণ্ডেই নয়, সবগুলো সামাজিক সূচকে সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হতে হবে।’
মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে আর্জেন্টিনা মাতাভেল সব স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষিত ধাত্রী নিয়োগ, লৈঙ্গিক সহিংসতা বন্ধ ও পরিবার পরিকল্পনা কর্মসূচি আবার জোরদার করার ওপরও জোর দেন।
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অনুযায়ী ২০১৫ সালের মধ্যে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে উন্নয়নশীল যেসব দেশ সঠিক পথে এগোচ্ছে, বাংলাদেশ তার অন্যতম।
মাতাভেল বাংলাদেশে ধাত্রীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া শুরুর প্রশংসা করেন। তবে ধাত্রী নিয়োগ প্রক্রিয়ার গতিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘এ প্রক্রিয়া এতই মন্থর যে প্রশিক্ষণে যা শিখেছেন সেটা তাঁরা ভুলে যেতে পারেন।’
এ প্রসঙ্গে মাতাভেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে প্রায় তিন হাজার ধাত্রীকে প্রশিক্ষিত করে তোলার ঘোষণা দিয়েছিলেন। অথচ এখন পর্যন্ত মাত্র ৭০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিয়োগের জন্য নতুন পদও সৃষ্টি করা হয়নি।
সমস্যার দিকে ইঙ্গিত করার পাশাপাশি বাংলাদেশে প্রায় ১০০ শতাংশ শিশুকে স্কুলে ভর্তির প্রবণতার প্রশংসা করেন ইউএনএফপিএ কর্মকর্তা। সামাজিক সূচকে অগ্রগতির জন্য তিনি শিক্ষাকে কাজে লাগানোর পরামর্শ দেন। জন্মহার ২ দশমিক ৩ শতাংশে নামিয়ে এনে বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নারীদের উত্ত্যক্ত করা ও লৈঙ্গিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে মাতাভেল বলেন, মেয়েদের শ্রদ্ধা করতে ছেলেদের বিদ্যালয়পর্যায় থেকেই সচেতন করে তোলা উচিত।