উন্নতি নেই বগুড়ার সেরা কলেজগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিক সাফল্যের ধারা ধরে রাখলেও সার্বিক ফলাফল বিবেচনায় বগুড়ার সেরা কলেজগুলোর উন্নতি নেই। গত বছরের তুলনায় দু-একটি প্রতিষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও অনেক প্রতিষ্ঠানেই আবার তা কমেছে।বোর্ড সেরার তালিকা থেকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছিটকে পড়লেও যুক্ত হয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান। গত বছর বোর্ড সেরার তালিকায় তিনটি প্রতিষ্ঠান থাকলেও এবার তা চারে উন্নীত হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছরের ধারাবাহিকতায় এবারও রাজশাহী শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান দখল করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এর আগের বছরও এই প্রতিষ্ঠানটি বোর্ডের চতুর্থ স্থানে ছিল। এ কলেজ থেকে এবার ৬৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৩৯ জন। গত বছর ৬৩৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ৪০৮ জন। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ২০১১ সালের এইচএসসিতে বোর্ডে ষষ্ঠ স্থানে ছিল। গত বছর একধাপ নেমে গিয়েছিল সপ্তম স্থানে। এ বছর আবারও এক ধাপ এগিয়ে কলেজটি বোর্ডের ষষ্ঠ স্থান দখল করেছে।বোর্ড সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজ থেকে এবার এক হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে এক হাজার ৫৮১ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮৯১ জন। গত বছর এক হাজার ৫০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন ৭৫২ জন। এদিকে গত বছর বোর্ড সেরার তালিকায় ১৯তম স্থানে থাকা বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবার সেরার তালিকা থেকে ছিটকে পড়েছে। গত বছর এ প্রতিষ্ঠান থেকে ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৬৪ জন। এবার বোর্ড সেরার তালিকায় যুক্ত হয়েছে বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটি এবার ১৪তম স্থান দখল করেছে। এ প্রতিষ্ঠান থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২২ জন।দীর্ঘ দুই বছর পর বোর্ড সেরার তালিকায় এবার স্থান করে নিয়েছে বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবার প্রতিষ্ঠানটি বোর্ড সেরার ১৯তম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে এবার ২৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬৪ জন। এ কলেজটি সর্বশেষ ২০১০ সালে বোর্ড সেরার তালিকায় ছিল। এ ছাড়াও জেলার সেরা কলেজের হিসেবে পরিচিত সরকারি শাহ সুলতান কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের মতো প্রতিষ্ঠান এবারও বোর্ড সেরার তালিকায় স্থান করে নিতে পারেনি। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, ‘অন্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের শিক্ষার্থীর সংখ্যা তিন থেকে চার গুণ বেশি। এতো বিপুল শিক্ষার্থীকে দেখভাল করা ও ভালো ফলাফলের জন্য গড়ে তোলাটা কষ্টসাধ্য ব্যাপার। সেই বিবেচনায় গত বছরের তুলনায় এ কলেজের ফলাফল অনেক ভালো। তবে এতে আমরা সন্তুষ্ট নই।’