উন্নতির জন্য পরিবেশ সংরক্ষণ জরুরি

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের সামনে এখন এগিয়ে যাওয়ার সময়। দেশে এমন উন্নতি দরকার, যা নিয়ে ব্যক্তি, গোষ্ঠী বা এলাকাও গৌরবান্বিত হতে পারে। আর উন্নতির জন্য পরিবেশ সংরক্ষণের বিষয় সামনে আনতে হবে।
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার সকালে নাগরিক সংলাপের আয়োজন করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমরা এমন সমৃদ্ধি চাই না যে ১০টা ফ্লাইওভার হবে, ১০০টা সুন্দর বিল্ডিং হবে আর বাদবাকি শহরে ময়লার স্তূপে হাঁটা যাবে না।’
হোসেন জিল্লুর রহমান বলেন, পর্বত নিয়ে আগ্রহী হওয়া শুধু ঝুঁকির কারণে নয়। নেপালের হিমালয়, বাংলাদেশের বঙ্গোপসাগর—সবকিছুর সঙ্গে আন্তসংযোগ রয়েছে। এগুলো রক্ষা না করলে দক্ষিণ এশিয়ার পরিবেশ ও অর্থনৈতিক দিক থেকে ঝুঁকিতে পড়বে।
নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ধন বাহাদুর ওলি সংলাপে বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে দক্ষিণ এশিয়ার এখন গবেষণার জন্য নিজেদের কারিকুলাম তৈরি করা উচিত। নেপাল ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে। একে অন্যকে জানার ওপর জোর দেন তিনি।
এভারেস্টজয়ী বাংলাদেশি এম এ মুহিত বলেন, প্রকৃতিকে উপভোগ করতে হবে প্রকৃতির কোনো ক্ষতি না করে। তিনি প্রকৃতিতে অপচনশীল কোনো কিছু না ফেলার জন্য অনুরোধ জানান। এভারেস্টজয়ী নিশাত মজুমদার বলেন, যাঁরা পার্বত্যাঞ্চলে থাকেন, তাঁরা পর্বতের কোনো ক্ষতি করেন না। বাইরের লোকজন গিয়েই ক্ষতি করেন। তিনি আরও বলেন, ‘পাহাড় ভালো না থাকলে আমরাও ভালো থাকব না।’
অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের সভাপতিত্বে সংলাপে আরও দুজন দর্শক বক্তব্য দেন। সংলাপের আগে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, নেপাল দূতাবাস ও ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট সোসাইটি পর্বত দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে।