উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আগামী যে নির্বাচন হবে, আমি আপনাদের কাছে এটুকু চাই, এই নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই নূহ নবীর আমল থেকে নৌকায় আশ্রয় দেওয়া হয়েছে মানুষদের। দুর্যোগ দুর্বিপাকে নৌকাই মানুষকে রক্ষা করেছে। নৌকায় ভোট দিয়ে আর্থিকভাবে মানুষ সচ্ছল হয়েছে। আমরা যাকেই প্রার্থী দেব তাঁকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির সড়ক ও জনপথ বিভাগের মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি-লুটপাট, খুন-অত্যাচার বেড়ে যায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের নৌকায় ভোট দিন। এই নৌকা দেশের স্বাধীনতা এনেছে।

আজ বিকেল চারটা ১৯ মিনিটে সভাস্থলে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী। ৩৪ মিনিট ধরে তিনি বক্তব্য দেন। বক্তৃতার আগে তিনি চট্টগ্রাম নগর, জেলা ও বিভিন্ন উপজেলার অনেকগুলো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জনসভাস্থলে। এরপর তিনি গত ১১ এপ্রিল ভুজপুরে জামায়াত-শিবিরের ক্যাডারদের হাতে নিহত ছাত্র ও যুবলীগের তিন নেতা-কর্মীর পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের তিনি সান্ত্বনা দেন।

‘কোরআন পুড়িয়ে কীভাবে ইসলামের হেফাজত হয়?’

প্রধানমন্ত্রী বলেন, ‘গত ৫ মে ঢাকা শহরে কি ঘটেছিল? আমি বিরোধীদলীয় নেত্রীকে আহ্বান করেছিলাম সংসদে আসেন, আলোচনা করি। তিনি আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। আমি নাকি ৪ মে পালানোরও পথ পাব না। অথচ হেফাজত ৫ মে পুলিশ ও মানুষ হত্যা শুরু করল। ব্যাংক পোড়াল, গাড়ি পোড়াল। এমনকি বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আগুন দিল। আর বাইরে যারা কোরআন শরীফ বিক্রি করত তাঁদের কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। ইসলামের ইতিহাসে এত কোরান পোড়া যায়নি।’

প্রধানমন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘আমি বিএনপি নেত্রী ও হেফাজত ইসলামকে জিজ্ঞাসু করি, কোরআন পুড়িয়ে কীভাবে তারা ইসলামের হেফাজত করবেন। এটা কোন ধরনের হেফাজত?

আ. লীগ জনগণের সম্পদ জনগণের হাতে তুলে দেয়

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে বলেন, ‘আমরা যখন তাঁর ছেলের টাকা ফেরত আনি, তিনিও দুবার সিঙ্গাপুর ছুটে গিয়েছিলেন। কিন্তু সিঙ্গাপুর কোর্ট দেয়নি। আর এক ছেলের নামে মানি লন্ডারিং কেস চলছে। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। এখন তারা বলছে নাটক। কিন্তু নাটক কে করে, কারা করে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। আওয়ামী লীগ জনগণের সম্পদ জনগণের হাতে তুলে দেয়।’

জামায়াত-শিবির এজিদের দল

সমাবেশে পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘নারায়ে তাকবির বলে এজিদ ইমাম হোসেনকে খুন করে। ফটিকছড়ির ভুজপুরেও নারায়ে তাকবির বলে ছাত্রলীগ-যুবলীগের তিনজনকে খুন করেছে এজিদের দল জামায়াত-শিবির।’

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কোনো মানুষ না খেয়ে নেই। উত্তর বঙ্গ থেকে আমরা মঙ্গা দুর করেছি।’

সাংসদ মোশাররফ হোসেন বলেন, ‘পাকিস্তানের মতো বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের উত্থান আমরা চাই না। শান্তি চাইলে আওয়ামী লীগকে ভোট দিন।’

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ ও সাংসদ মাঈনউদ্দিন খান বাদল, স্থানীয় নেতা এ টি এম পেয়ারুল ইসলাম ও ফখরুল আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

আজ সকাল থেকে ফটিকছড়ি ও আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হতে থাকে। দুপুরের দিকে বিপুল মানুষের উপস্থিতি ঘটে। প্রধানমন্ত্রীর জনসভার কারণে আজ খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী সন্ধ্যা পৌনে ছয়টায় হেলিকপ্টারে ফটিকছড়ি ত্যাগ করলে যোগাযোগ চালু হয়।