উন্নয়ন প্রকল্প দেখতে আজ কক্সবাজারে আসছেন নয় সচিব
অর্থনৈতিক অঞ্চলসহ সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আজ শুক্রবার কক্সবাজার আসছেন নয়জন সচিবসহ উচ্চপর্যায়ের ১৩ কর্মকর্তা। টানা তিন দিন তাঁরা কক্সবাজার সদর, টেকনাফ ও মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে কক্সবাজার সফরে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম, স্থানীয় সরকার সচিব আবদুল মালেক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী, বেজা প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. হারুনুর রশীদ, বেজা উন্নয়ন বিশেষজ্ঞ এ কে এম মাহবুবুর রহমান ও উপসচিব মলয় চৌধুরী।
সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি সফরকালে মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। টেকনাফের সাবরাং উপকূলের অর্থনৈতিক অঞ্চল ও টেকনাফ স্থলবন্দরের কাছে নাফ নদীর বুকে ভাসমান জালিয়ার দ্বীপসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসছেন। প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে আন্তরিক। প্রধানমন্ত্রী চান চট্টগ্রামের দোহাজারী থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণকাজ দ্রুত শেষ হোক।