উন্নয়ন-বিলবোর্ড এবার সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পণ্যের প্রচারের জন্য ভাড়া নেওয়া বিলবোর্ড ঢেকে সরকারের ‘সাফল্যের চিত্র’সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে। ছবিটি বন্দরবাজার এলাকা থেকে গতকাল তোলা ষ প্রথম আলো
সিলেটে পণ্যের প্রচারের জন্য ভাড়া নেওয়া বিলবোর্ড ঢেকে সরকারের ‘সাফল্যের চিত্র’সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে। ছবিটি বন্দরবাজার এলাকা থেকে গতকাল তোলা ষ প্রথম আলো

ঢাকা ও রাজশাহীর পর ‘সরকারের সাফল্য’ প্রচারে এবার সিলেটে বিলবোর্ড দখল শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ স্থানে সরকারের ‘সাফল্যের চিত্র’সংবলিত বিলবোর্ড চোখে পড়ে। গত শনিবার দিবাগত রাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যসামগ্রীর বিলবোর্ড ঢেকে এসব লাগানো হয়েছে।জানা গেছে, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসছেন। সিলেটের কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বিকেলে তিনি গোলাপগঞ্জে জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই দিন যেসব এলাকা দিয়ে যাবেন, সেই সব এলাকায় বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী বিলবোর্ড ঢেকে সাঁটানো হয়েছে সরকারের বিভিন্ন ‘উন্নয়ন ও সাফল্য-কথা’। সরেজমিনে দেখা গেছে, সিলেট বিমানবন্দর এলাকা থেকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনী বিলবোর্ড ঢেকে সরকারের ‘উন্নয়ন ও সাফল্যের’ লেখাসংবলিত ব্যানার সাঁটানো হয়েছে। বিমানবন্দরের প্রবেশমুখে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত বিলবোর্ডে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিনের বিরাট ছবি রয়েছে। এ ছাড়া নগরের আম্বরখানা মোড়, চৌহাট্টা, বন্দরবাজার, সোবহানীঘাট, শাহজালাল উপশহর, টিলাগড় মোড়, শাহজালাল সেতু, হুমায়ুন রশিদ চত্বর ও সিলেট-গোলাপগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে শতাধিক বিজ্ঞাপনী বিলবোর্ডে সরকারের সাফল্য-কথা শোভা পাচ্ছে। এর মধ্যে আম্বরখানা ও চৌহাট্টা মোড়ে কয়েকটি বিরাটাকার বিলবোর্ডে মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপন ছিল। ‘উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতা দরকার’ স্লোগানসংবলিত এসব বিলবোর্ডে সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণে উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, দারিদ্র্য বিমোচনে গৃহীত নানা প্রকল্প, শিক্ষা উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিদ্যুৎ খাতে সরকারের তৎপরতা, তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতি, ক্রীড়া ক্ষেত্রে সরকারের অর্জনসহ নানা সাফল্যের কথা রয়েছে। কয়েকটি বিজ্ঞাপনী সংস্থা সূত্রে জানা গেছে, আম্বরখানা ও চৌহাট্টা মোড়ে কয়েকটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনী বিলবোর্ড ছিল। রোববার সকাল থেকে সব বিলবোর্ডে সরকারের উন্নয়নের ব্যানার দেখা যায়। এসব বিলবোর্ড স্থাপনের বিনিময়ে সিলেট সিটি করপোরেশনকে নির্দিষ্ট হারে অর্থ দেওয়া হয়েছে।

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘বিজ্ঞাপনী বিলবোর্ড ঢেকে সরকারের উন্নয়ন প্রচারণা সাময়িক হতে পারে। তবে এই প্রচারণার জন্য করপোরেশন থেকে কেউ অনুমতি নেননি। আর বিজ্ঞাপনের বিলবোর্ড ঢেকে দেওয়ার বিষয়ে কেউ করপোরেশনে কোনো অভিযোগ দেননি। হতে পারে, সমঝোতা করে সাময়িক বিলবোর্ডের ওপর সরকারের উন্নয়ন-সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিজ্ঞাপনী সংস্থার স্থানীয় কর্মকর্তা অভিযোগ করেন, এ ব্যাপারে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেউই তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেননি। গত শনিবার থেকে এমন পরিস্থিতি দেখা গেছে। প্রায় এক সপ্তাহ আগে চৌহাট্টা মোড়ে একটি নতুন বিজ্ঞাপনী বিলবোর্ড ঢাকা পড়ার কথা জানিয়ে একটি বিজ্ঞাপনী সংস্থার এক কর্মী বলেন, ‘প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে যে লোকসমাগম হবে, তাতে ওই পণ্যের একধরনের প্রচার হতো। কিন্তু সরকারের সাফল্য প্রচারণায় ওই পণ্যের প্রচার ঢাকা পড়ল।’ যোগাযোগ করা হলে মিসবাহউদ্দিন বলেন, ‘জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বিলবোর্ডে সরকারের সাফল্য ও উন্নয়নের প্রচারণা চালানো হচ্ছে।’ প্রচারণার জন্য এভাবে বিলবোর্ড দখল কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার তো দেশেরই অংশ। প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সরকারের উন্নয়ন প্রচারণায় কারও অসুবিধা হওয়ার কথা নয়; বরং উৎসবের মেজাজে মানুষ এগুলো গ্রহণ করছে।’ প্রধানমন্ত্রীর সফরের পর বিলবোর্ড থেকে এসব প্রচারণা সরিয়ে নেওয়া হবে কি না—এমন প্রশ্নে আওয়ামী লীগের ওই নেতা ‘সেটা পরে দেখা যাবে’ বলে মন্তব্য করেন।