চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরীর উন্নয়নকাজের সমন্বয়ের জন্য নগর সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
নগরের উন্নয়নকাজের দায়িত্ব সরকারের বিভিন্ন সংস্থার হাতে থাকায় সমন্বয়হীনতার বিষয়টি আলোচনায় রয়েছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে নাছিরের পূর্বসূরি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফও নগর সরকারের দাবি জানিয়েছিলেন।
পূর্বনির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন সিজেএফডির সভাপতি সাইফ ইসলাম। পরে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। নাছির উদ্দীন বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সমন্বয়টা অপরিহার্য। এ জন্যই নগর সরকার প্রতিষ্ঠা করা দরকার। এটি মেয়রের ক্ষমতা বাড়ানোর জন্য বলছি না। নগরবাসীর কাছে সেবা নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন। এ জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চাইছি।’
নগর সরকার প্রতিষ্ঠার পক্ষে বলতে গিয়ে চট্টগ্রামের নতুন মেয়র জানান, কাজ করতে গিয়ে তিনি দেখতে পান নগরের উন্নয়নের পুরো নিয়ন্ত্রণ করপোরেশনের হাতে নেই। তিনি বলেন, ‘আগে মোহাম্মদ হানিফ ও মহিউদ্দিন চৌধুরী নগর সরকারের কথা বলতেন। দায়িত্ব নিয়ে আমিও হাড়ে হাড়ে এর প্রয়োজন উপলব্ধি করছি। নগর সরকার প্রতিষ্ঠা যেহেতু সরকারের ব্যাপার, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে তাঁকে অনুরোধ জানাব।’
নগরের উন্নয়নে মহাপরিকল্পনা নিয়ে ভাবছেন কি না—জানতে চাইলে মেয়র বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ১৯৯৫ সালে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছিল। তবে এতে সিটি করপোরেশনকে না রাখায় এটি বাস্তবায়নে করপোরেশনের অনীহা ছিল। এবার একটি সমন্বিত ও সবার কাছে গ্রহণযোগ্য পরিকল্পনা গ্রহণ করা হবে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘মেয়রের দায়িত্ব পালনকালে কে কোন দলের অনুসারী, তা বিবেচনায় নেওয়া হবে না। কারও সঙ্গেই বৈষম্যমূলক আচরণ করব না। সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে চাই।’
চট্টগ্রামের উন্নয়নে নিজের রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করে নাছির বলেন, ‘নগরের উন্নয়নের স্বার্থে যেকোনো ঝুঁকি নিতে তৈরি আছি। অনেক দখলদারকে উচ্ছেদ করছি। এসব কাজ করতে গেলে অনেকের স্বার্থে আঘাত লাগে। তারা বেপরোয়া হয়ে সুযোগ কাজে লাগাতে পারে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেএফডির সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর, সংগঠনের সাবেক নেতা শাহীনুল ইসলাম চৌধুরী, মুস্তফা কামাল ও অনুপ খাস্তগীর।