উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিলেন আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে জয়ী হলে পৌর এলাকার নাগরিকদের জন্য নানা উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিলেন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রমজান আলী। গতকাল শনিবার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
পৌর আওয়ামী লীগ আয়োজিত ওই সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রমজান আলী। তিনি বলেন, পৌর নাগরিকদের ৬০ ভাগ এখনো গ্যাস-সংযোগ পায়নি। তিনি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সব নাগরিকের বাড়িতে গ্যাস-সংযোগের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ১৫০ কিলোমিটার কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে। পৌর এলাকায় শিশু পার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণ করা হবে। শহরের ভেতরের খালটি রক্ষায় প্রকল্প নেওয়া হবে।
সম্প্রতি তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভূরিভোজের আয়োজন করেন, যা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমজান আলী দাবি করেন, তিনি আচরণবিধি লঙ্ঘন করেননি।
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সুলতানুল আজম খান ও জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা।