উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক নীতি ও তার যথাযথ প্রয়োগ এবং জনগণের কল্যাণে রাজনৈতিক অঙ্গীকার থাকায় চীন আজ বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি হতে পেরেছে। গত ২০-৩০ বছরে চীন সরকার সব ধরনের ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করেছে। যে কারণে দেশটির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন হয়েছে। বাংলাদেশও তার উন্নয়নে চীনের এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে।

গতকাল সোমবার ‘চীনের দারিদ্র্য দূরীকরণ অভিজ্ঞতা এবং দক্ষিণ এশিয়ায় এর প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক আলোচনায় এসব কথা উঠে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অ্যাকশনএইড বাংলাদেশের ৩০ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘চীনের উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ’ এবং ‘দারিদ্র্য দূর করতে চীনের নারীদের ভূমিকা ও অগ্রগতি’ নিয়ে বক্তব্য তুলে ধরেন চীনের হিউম্যানিটিজ অ্যান্ড ডেভেলপমেন্ট কলেজের সহকারী ডিন ড. জুও টিং এবং চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের প্রধান ড. ওয়্যাং লিবিন।

চীনের উন্নয়ন ভাবনার সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ভাবনার তুলনামূলক আলোচনা করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, জনগণের প্রতি সরকারের জবাবদিহিই দেশটির উন্নয়নকে ত্বরান্বিত করেছে। দেশটির সরকার যেমন উন্নয়নের ক্ষেত্রে নিজেকে জবাবদিহি করেছে, একই সঙ্গে দেশের নীতিনির্ধারকেরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠাগুলোকে যেকোনো নিয়ম-অনিয়মের ক্ষেত্রে জবাবদিহির আওতায় এনেছে। তিনি বলেন, গেল ২০ বছরে চীনের অনেক প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, তবে যিনিই ক্ষমতায় এসেছেন তিনি ক্ষমতা বা উন্নয়নকে কখনোই কুক্ষিগত করেননি। যার উল্টোটা আমাদের দেশে হয়। তাই সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা উন্নতি করতে পারছি না।

জুও টিং বলেন, গত ৩০ বছরে চীনের সরকার যেসব নীতি ও কৌশল নিয়েছে তা ছিল জনবান্ধব। দেশের উন্নয়নই ছিল সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, চীনের উন্নয়ন কার্যক্রম বাজারকেন্দ্রিক হওয়ায় সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। সরকার শহরকেন্দ্রিক উন্নয়নের পাশাপাশি প্রান্তিক মানুষেরও উন্নতি করেছে।

ড. ওয়্যাং লিবিন তার উপস্থাপনায় ‘দারিদ্র্য দূরীকরণে জেন্ডার ধারণাকে সচেতনভাবে সামনে নিয়ে আসা এবং মূলধারায় সম্পৃক্তকরণ’ নিয়ে কথা বলেন। তিনি বলেন, গত ৩০-৪০ বছরে চীনের সরকার নারী ও উন্নয়নবান্ধব নীতি ও আইন প্রণয়ন করেছে। সরকার যে প্রতিষ্ঠানই তৈরি করেছে বা যে উন্নয়ন ভাবনাই নিয়েছে সেটি লিঙ্গীয় বৈষম্যকে দূর করেছে। কৃষিতে, সেবায়, শিল্পে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছে সরকার।

অনুষ্ঠানের সঞ্চালক অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্‌ কবির বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যে উন্নতি করছে তা অভাবনীয়। তবে সমন্বয় দরকার। চীনের সরকার যেভাবে দেশের উন্নয়নে কাজ করছে, তা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। 

আলোচনায় আরও অংশ নেন বিলসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ। তিনি বলেন, চীন সরকার তাদের শিক্ষা, কৃষি, নারীসহ সব ধরনের অগ্রগতিতে স্বচ্ছ ধারণা নিয়ে এগিয়েছে।