উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি। গতকাল শনিবার ভোরে ঢাকায় যাত্রাবিরতির সময় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হককে এ আশ্বাস দেন তিনি।

এক সপ্তাহের সফরে আফ্রিকা যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতি করেন। গতকাল রাত সাড়ে ১২টার পর ওয়াং উয়িকে বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক তাঁকে স্বাগত জানান। কূটনৈতিক সূত্র বলেছে, জ্বালানি নিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর উড়োজাহাজটির দেড় ঘণ্টা ঢাকায় অবস্থানের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এটি সকাল নয়টায় ঢাকা ছাড়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রসচিবের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয়েছে।

বাংলাদেশের এক কর্মকর্তা বলেন, ওয়াং উয়ির ৭ থেকে ১২ জানুয়ারি মাদাগাস্কার, তানজানিয়া, জাম্বিয়া, কঙ্গো ও নাইজেরিয়া সফরের কথা রয়েছে। এ সফরের শুরুতে তিনি ঢাকায় যাত্রাবিরতি করেন।