উন্নয়নের জন্য শিক্ষিত প্রার্থী চান ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার বাসিন্দারা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষিত প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, পর্যটন ব্যবসায়ী সংগঠন, ইনভেস্টরস ফোরামও একই দাবি করেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১১ সালে এই পৌরসভার যাত্রা শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাতজন, বিএনপি থেকে একজন ও জাতীয় পার্টি (এরশাদ) থেকে একজন মেয়র পদে মনোনয়ন পেতে নেতাদের কাছে লবিং করছেন।
এ ছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদেও বিভিন্ন দলের ৭০ জনের মতো প্রার্থী নির্বাচন করতে আগ্রহী।
পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের মজিবুর রহমানসহ আরও কয়েকজন বলেন, অনেকেই ইতিমধ্যে নির্বাচনের জন্য মাঠে নেমেছেন। তবে শিক্ষা-দীক্ষায় সে রকম প্রার্থী দেখছেন না। তাঁদের দাবি, যাঁরা প্রার্থী হতে চাইছেন, তাঁদের মধ্য থেকে শিক্ষিত, ভালো লোককে প্রার্থী করা হোক।
কুয়াকাটা ইনভেস্টরস ফোরামের সদস্য হাসানুল ইকবাল বলেন, ‘আমরা মনে করি, কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও পর্যটন বিকাশের স্বার্থে শিক্ষিত একজন জনপ্রতিনিধি দরকার। রাজনৈতিক দল সেভাবে প্রার্থী না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান বলেন, কুয়াকাটার উন্নয়ন করতে হলে শিক্ষিত ও দক্ষ লোককে মেয়র হিসেবে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, তা না হলে পর্যটনবান্ধব নগর গড়ে তোলার পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলোর কাছে দাবি, মনোনয়নের ক্ষেত্রে শিক্ষিত ও যোগ্য লোককে যেন প্রাধান্য দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় লোকজনের দাবির সঙ্গে আমিও একমত। শিক্ষিত প্রার্থীর সংকট রয়েছে। এরপরও জ্ঞান-বুদ্ধি-বিবেচনায় তুলনামূলক দক্ষ লোককে প্রার্থী হিসেবে বাছাই করার চেষ্টা করব।’
উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের একজন মেয়র প্রার্থী। ওই প্রার্থী একসময় শিক্ষকতা করতেন। তুলনা করলে আওয়ামী লীগের যাঁরা সম্ভাব্য প্রার্থী, তাঁদের চেয়ে আমাদের প্রার্থী শিক্ষিত। কাউন্সিলর প্রার্থী নির্ধারণের ক্ষেত্রেও স্থানীয় লোকজনের দাবি বিবেচনায় রাখব।’