উন্নয়নের দাবি বনামঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসমাপ্ত উন্নয়ন’ সমাপ্ত করার সুযোগ চান বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র শওকত হোসেন। তাঁর দাবি, তাঁর কর্মকাণ্ডের সবই দৃশ্যমান। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলছেন, শওকত হোসেনের উন্নয়নের সবকিছুই ‘লোক দেখানো’। তিনি ধ্বংস করেছেন নগরের খালগুলো। এ কারণে একটু বৃষ্টি হলেই এখন দেখা দেয় জলাবদ্ধতা।

অবশ্য শওকত হোসেন মনে করেন, প্রতিদ্বন্দ্বীদের এমন প্রচারণায় বরিশালবাসী বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, নগরবাসীর চোখের সামনে রাস্তাঘাট প্রশস্ত হয়েছে। পুকুরগুলো পরিচ্ছন্ন করে পার্কের আদল দেওয়া হয়েছে। গড়ে উঠছে ড্রেনেজ ব্যবস্থাপনা। এখানে-সেখানে আবর্জনার স্তূপ নেই। ব্যস্ততম অধিকাংশ সড়কে ফুটপাত হয়েছে। বস্তি উচ্ছেদ করে ভূমিহীনদের পুনর্বাসন করা হয়েছে। নগরের বর্ধিত অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তবে মেয়র পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বলেন, তাকালেই দেখা যায় উন্নয়ন। তবে এই উন্নয়ন শুধুই নগরের প্রাণকেন্দ্র বিবিরপুকুরকেন্দ্রিক। উন্নয়নের নামে নগরের বুকে বয়ে যাওয়া খালগুলো ধ্বংস করে বরিশালকে পরিণত করা হয়েছে দুর্ভোগের নগরে। আগে জলাবদ্ধতার মতো সমস্যা ছিল না। খালগুলো ভরাট করে সরু ড্রেন ও নালায় পরিণত করার কারণেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। তিনি গত কয়েক দিনের স্থানীয় পত্রপত্রিকা দেখার পরামর্শ দিয়ে বলেন, ‘তাহলে বুঝবেন, জনসংযোগ করতে গিয়ে শওকত হোসেন নিজের তৈরি জলাবদ্ধতায় কেমন হাবুডুবু খাচ্ছেন।’

আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী ও যুবলীগের নেতা মাহমুদুল হক খান অবশ্য খাল ভরাটের জন্য আহসান হাবিবকেও দায়ী করেন। তিনি বলেন, আহসান হাবিব তৎকালীন বরিশাল পৌরসভার চেয়ারম্যান থাকাকালে বটতলা খালের বটতলা এলাকা ভরাট করে মার্কেট নির্মাণ করা হয়। পরে মজিবর রহমান সরোয়ার প্রথমবার সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পরও খাল ভরাটের ধারাবাহিকতা চলে। তবে বটতলা খালের ওপর সড়ক নির্মাণ করে ষোলোকলা পূর্ণ করেন সদ্য সাবেক মেয়র শওকত।

এ অভিযোগ আহসান হাবিব, মজিবর রহমান বা শওকত হোসেনের কেউই স্বীকার করেননি। আহসান হাবিব বলেন, বটতলা খাল এলাকায় নির্মিত ওই মার্কেট ছিল জেলা পরিষদের। তবে তিনি বলেন, ‘আমার উচিত ছিল ওই এলাকায় মার্কেট নির্মাণে বাধা দেওয়া।’ তিনি চেয়ারম্যান থাকাকালেই বরিশাল পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয় এবং এর পরের নির্বাচনে মেয়র হন সরোয়ার।

বর্তমানে বরিশাল সদরের বিএনপির সাংসদ সরোয়ারের দাবি, তিনি মেয়র থাকাকালে খাল নয়, খালের পাড় ভরাট ও অবৈধ দখল উচ্ছেদ করেন। তাঁর অভিযোগ, খাল ভরাট করে রাস্তা বানানোর কাজ করেছেন শওকত হোসেন।

অবশ্য শওকত বলেন, তিনি যেসব এলাকায় রাস্তা নির্মাণ করেছেন, সেগুলোতে ওই সময় আদৌ কোনো খাল ছিল না। তার পরও তিনি রাস্তার নিচ দিয়ে পানি চলাচলের জন্য ড্রেন নির্মাণ করেছেন।

জলাবদ্ধতার সংকট এক যুগের বলে জানালেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল। তিনি বলেন, সম্প্রতি এ সংকট বেড়েছে।

নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, কাগজে-কলমে বরিশাল শহরে ১৮টি খাল আছে বলা হলেও প্রকৃতপক্ষে শহর ও আশপাশে সাতটি খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বরিশালবাসী মেয়র প্রার্থীদের কাছে নদী ও খাল রক্ষার সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রত্যাশা করেন।