উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনের পর গতকাল কুড়িল উড়ালসেতু ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষ ছবি: বাসস
উদ্বোধনের পর গতকাল কুড়িল উড়ালসেতু ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষ ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। কারণ, সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে। তিনি আওয়ামী লীগ ও বিএনপির সরকার আমলের উন্নয়নের চিত্র তুলনা করে দেখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল রোববার রাজধানীর কুড়িল উড়ালসেতুর (ফ্লাইওভার) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই উড়ালসেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে তিনি বালু সেতু উদ্বোধন করেন। ৩০৬ কোটি টাকা ব্যয়ে এই উড়ালসেতু প্রকল্প বাস্তবায়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর দৈর্ঘ্য ৩ দশমিক ১ কিলোমিটার এবং প্রস্থ ৬ দশমিক ৭ মিটার থেকে ৯ দশমিক ২ মিটার। ২০১০ সালের ২ মে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
উড়ালসেতু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত বিএনপি সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমাদেরই ঠিক করতে হবে, আমরা কি আবার অন্ধকার যুগে ফেরত যাব, না আলোর পথে থাকব। আবার কি সেই হাওয়া ভবন? আবার দুর্নীতি হবে, বিকল্প সরকার হবে?’ তিনি বলেন,  বিরোধীদলীয় নেতা বলছেন, তিনি নতুনধারার সরকার গঠন করবেন। তার মানে তিনি নতুন নিয়মে দুর্নীতি করবেন।

বর্তমান সরকারের সময়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতাসীন দল হয়েও আমরা হেরেছি। কারচুপির চেষ্টা করিনি। ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার। সৎ লোককে বাদ দিয়ে কেউ যদি সন্ত্রাসী, দুর্নীতিবাজকে বেছে নেয়, তাহলে বলার কিছু নেই। জনগণ যাকে ভোট দেবে, তাকেই আমরা মেনে নেব।’ তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো অপাঙেক্তয় ব্যক্তিকে ভোট দিয়ে আমানতের খেয়ানত করবেন না। সৎ লোককে বেছে নিন। এমন কাউকে নির্বাচিত করুন, যিনি দেশপ্রেমিক, দেশের উন্নয়ন অব্যাহত রাখবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে তাঁর সরকার বিদ্যুৎ উৎপাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার উন্নয়নের ধারাবাহিকতা রাখতে পারেনি। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বিদ্যুৎ উৎপাদন কমে হয়েছিল তিন হাজার ২০০ মেগাওয়াট। এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট। বর্তমানে বাংলাদেশ আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তিনি বলেন, ‘বর্তমানে লোডশেডিং হওয়ার মতো কোনো অবস্থা নেই। তবু বিদ্যুৎ বিভাগকে বলে রেখেছি দুই ঘণ্টা লোডশেডিং দিতে, যাতে মানুষ এটা ভুলে না যায়। নামাজের সময় লোডশেডিং হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

পূর্ত মন্ত্রণালয়ের সচিব শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, সাংসদ এ কে এম রহমত উল্লাহ, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এবং ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের টিম লিডার বুয়েটের অধ্যাপক আজাদুর রহমান।