উন্নয়নের নামে অশ্লীলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ার গৌরীগ্রাম ইউনিয়নের গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই পুতুলনাচের নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, জুয়া ও র‌্যাফল ড্রয়ের টাকা সংগ্রহ করতে এলাকায় চুরি ও ডাকাতি বাড়ছে।  পুলিশ প্রশাসন অবৈধভাবে এই মেলা আয়োজনের বিষয়টি জেনেও অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে। পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, সমপ্রতি জেলার কোথাও এ ধরনের কোনো অনুষ্ঠানের অনুমোদন দেওয়া হয়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও মর্নিং স্টার ক্লাবের সভাপতি আবদুস সালামের নেতৃত্বে কিছু প্রভাবশালী ব্যক্তি ফুটবল মাঠের উন্নয়নের কথা বলে চলতি মাসের ১ তারিখ থেকে এই পুতুলনাচের আয়োজন করেন। পরে সেখানে র‌্যাফল ড্রও জুয়ার আসর বসানো হয়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কিছু যুবক গ্রামে গ্রামে ঘুরে টিকিট বিক্রি করেন। সন্ধ্যার পরই শুরু হয় অশ্লীল নৃত্য। চলে জুয়ার আসর ও র‌্যাফল ড্র। গোপিনাথপুর গ্রামের কৃষক আবদুল হাই জানান, প্রতি রাতেই পুতুলনাচের নামে চলছে অশ্লীল নৃত্য। সন্ধ্যার পর থেকে মাইকের শব্দে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায়। আয়োজকেরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারে না। গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন, একই স্থানে এক মাস আগেও যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলেছে। সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, ‘স্থানীয় ফুটবল মাঠের উন্নয়নের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শুনেছি। তাই আমরা কিছু বলিনি। তবে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চললে ব্যবস্থা নেওয়া হবে।’