উন্নয়ন অনুদান নির্ভর বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুস ছত্তার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সৌরভ দাশ
আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুস ছত্তার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২ হাজার ৩২৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছরের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে ১০২ কোটি টাকা। আয়ের মূল খাত ধরা হয়েছে উন্নয়ন অনুদান। এ খাতে আয় ধরা হয়েছে ১ হাজার ২৯০ কোটি টাকা। যা মোট বাজেটের ৫৫ দশমিক ৪২ শতাংশ।

আজ রোববার দুপুরে আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুস ছত্তার মিলনায়তনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অধিবেশনে সিটি করপোরেশনের কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরে ৬৬২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। গত বছর মূল বাজেট ছিল ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকা। বাজেট বাস্তবায়নের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। এর আগের অর্থবছরে (২০১৫-১৬) বাজেট বাস্তবায়নের হার ছিল ৩৬ দশমিক ৩০ শতাংশ।

কর পুনর্মূল্যায়ন নিয়ে নেতিবাচক প্রচার এবং চারজন করদাতার মামলার কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় গত অর্থবছর বাজেট শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানান মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, সিটি করপোরেশনে বেশ কিছু দিন প্রধান প্রকৌশলী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ছিল না। এ জন্য নতুন প্রকল্প নেওয়া সম্ভব হয়নি। ফলে উন্নয়ন অনুদানও মেলেনি। এটিও বাজেট বাস্তবায়ন না হওয়ার অন্যতম কারণ। অবশ্য এবারের বাজেট বাস্তবায়নযোগ্য ও বাস্তবধর্মী বলে দাবি করেছেন মেয়র।

বারবার বাস্তবায়ন না হওয়ার পরও সিটি করপোরেশন কেন এত বড় আকারের বাজেট উপস্থাপন করা তা বোধগম্য নয় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও স্থানীয় সরকার গবেষক মমতাজ উদ্দিন আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের রাজস্ব আয়ের বেশির ভাগই চলে যায় বেতন-ভাতা খাতে। আবার ভৌত অবকাঠামো উন্নয়নে বড় বড় প্রকল্প গ্রহণ করে কিন্তু তার বিপরীতে সরকারের কাছ থেকে প্রত্যাশিত অর্থ পায় না। ফলে বাজেট বাস্তবায়নের পরিমাণ কমে যায়।

চলতি অর্থবছরে নিজস্ব উৎসে মোট প্রাপ্তি ধরা হয়েছে ৯৯৪ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বকেয়া কর খাতে ১৮১ কোটি ১২ লাখ টাকা, হাল কর (এ বছরের) খাতে ৫০০ কোটি টাকা এবং অন্যান্য কর খাতে ১২৬ কোটি ৫২ লাখ টাকা। গতবার নিজস্ব উৎসে মোট ১ হাজার ১৯৭ টাকা আয় ধরা হলেও সংশোধিত বাজেটে এসে তা হয় ৩৬৬ কোটি ৫১ লাখ টাকা।