সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সর্বশেষ হিসাবে দেশে ২০ লাখ মানুষ আর্সেনিক-দূষণের শিকার। আর আর্সেনিকোসিস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৪৬ হাজার। তা সত্ত্বেও দেশে মূলধারার উন্নয়ন বা জনস্বাস্থ্য আলোচনায় আর্সেনিকের সমস্যা অগ্রাধিকার পাচ্ছে না। তবে বহু খাতভিত্তিক উদ্যোগ নিলে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আর্সেনিক ও নিরাপদ পরিবেশবিষয়ক জাতীয় সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারের প্রথম অধিবেশনের প্রথম উপস্থাপনায় ইউনিসেফের পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ইয়ান জেং বলেন, আর্সেনিকের দূষণ মোকাবিলায় স্বাস্থ্য, কৃষি ও পানি সরবরাহ খাতে পৃথকভাবে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে সমস্যাটি না বাড়লেও দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। এটি মোকাবিলায় সবাইকে কম-বেশি দায়িত্ব নিতে হবে।পৃথক উপস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক কাজী মতিন আহমেদ বলেন, আর্সেনিক একটি প্রাকৃতিক সমস্যা। সেচের মাধ্যমে বেশি পরিমাণে ভূগর্ভস্থ পানির ব্যবহার দেশের আর্সেনিক-দূষণের কারণ নয়। তিনি বলেন, এর কারণ ভূ-রাসায়নিক (জিও-কেমিক্যাল)।দিনব্যাপী সেমিনারে পৃথক দুটি অধিবেশনে নয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। শুরুতে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশ যেসব সমস্যা মোকাবিলা করছে, বুয়েটের সাবেক শিক্ষার্থীদের দায়িত্ব সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া। তিনি বলেন, গতকালের সেমিনার সেই উদ্যোগেরই অংশ ছিল।অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, নতুন প্রজন্মের উদ্যোগ ও উদ্ভাবনের ফলে আর্সেনিকের মতো জাতীয় সমস্যার সমাধান সম্ভব হবে। তিনি বলেন, বর্তমান সরকার এই সমস্যা সমাধানের ব্যাপারে আন্তরিক।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, আমনের চেয়ে বোরো ধানে আর্সেনিকের পরিমাণ বেশি পাওয়া গেছে। এর একটি কারণ, বোরো চাষে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করা হয়।জাতীয় সামাজিক রোগ প্রতিষেধক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) শিক্ষক মনজুরুল এইচ খান বলেন, আর্সেনিকোসিস রোগের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। একমাত্র উপায় হচ্ছে এই রোগ প্রতিরোধ করা। জামিলুর রেজা চৌধুরী বলেন, সেমিনারে যেসব সুপারিশ উপস্থাপন করা হবে, আয়োজকদের পক্ষ থেকে তা সরকারকে দেওয়া হবে।