উন্নয়ন ও অগ্রগতির মূল প্রতিপক্ষ দুর্নীতি: শ্রম প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার’বিষয়ক কর্মশালা এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্নুজান সুফিয়ান
ছবি: সংগৃহীত

উন্নয়ন ও অগ্রগতির মূল প্রতিপক্ষ দুর্নীতি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত উন্নয়ন টেকসই হয়।

আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে শুদ্ধাচার’বিষয়ক কর্মশালা এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকেরাই উৎপাদনের প্রাণ। বিশৃঙ্খলা, অনিয়ম, অসাধুতা ও অনৈতিকতার চর্চা রোধে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে শুদ্ধাচার প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অযথা ফাইল আটকে রাখাও শুদ্ধাচারের পরিপন্থী।

শৃঙ্খলা, সুশাসন এবং সর্বোপরি শুদ্ধাচার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধি ও উন্নয়নের আশা করা বৃথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শুদ্ধাচারের চর্চা না থাকলে বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি শিগগির বাসা বাঁধে। ফলে সমৃদ্ধি ও উন্নয়ন প্রক্রিয়া চরম হুমকির মধ্যে পড়ে। ব্যক্তি ও পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জীবন ধারণের জন্য ভালো আচরণ, ভালো রীতিনীতি, ভালো অভ্যাস রপ্ত ও পরিপালন করা অত্যাবশ্যক।

নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজের জন্য এ বছর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীনস্থ অধিদপ্তরের তিন কর্মকর্তা-কর্মচারী পুরস্কার পেয়েছেন। এবার পুরস্কার পেয়েছেন শ্রম অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব এ কে এম মিজানুর রহমান, মন্ত্রণালয়ের উপসচিব মো. মহিদুর রহমান এবং অফিস সহকারী কাম সাঁটমুদ্রাক্ষরিক সাবেকুন নাহার।

অনুষ্ঠানে পুরস্কার হিসেবে তাঁদের সনদ, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক তুলে দেওয়া হয়।

শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম। অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল হক, বেগম জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।