উন্নয়ন ও ঐতিহ্য সুরক্ষায় এবার সরব তৃতীয় পক্ষ
>সোমবার রাতে সভার মাধ্যমে ‘সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ’ নামের ওই আত্মপ্রকাশ ঘটে।
সিলেটে ‘উন্নয়ন ও ঐতিহ্য সুরক্ষা’ করতে গত সোমবার গঠিত হয়েছে একটি সংগঠন। এর মধ্য দিয়ে নগরের শতবর্ষী আবু সিনা ছাত্রাবাসকেন্দ্রিক আন্দোলনকে ঘিরে তৃতীয় একটি পক্ষ সরব হলো।
সদ্য গঠিত ওই সংগঠনের নাম ‘সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ’। সিলেটবাসীর প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিতকরণ ও জেলার বিভিন্ন এলাকায় থাকা ঐতিহ্যের স্মারক সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা এই সংগঠনের লক্ষ্য। সোমবার রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট কার্যালয়ে অনুষ্ঠিত সভার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরে সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক আল-আজাদ। সদস্যসচিব হয়েছেন সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম। আহ্বায়ক কমিটির ১১ সদস্য হলেন—মুক্তিযোদ্ধা আক্রাম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, চিকিৎসক আজিজুর রহমান প্রমুখ।
নতুন সংগঠন ও এর কার্যক্রম গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সিলেটের যেকোনো উন্নয়ন ও শতবর্ষের ঐতিহ্যবাহী কোনো স্মারক বা ঐতিহ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে সংগঠনটি। সম্প্রতি সিলেট নগরের কেন্দ্রস্থলের চৌহাট্টা এলাকায় আবু সিনা ছাত্রাবাস এলাকায় জেলা হাসপাতাল নির্মাণ নিয়ে পক্ষে ও বিপক্ষে তৎপরতা চলছে। এর মধ্যে সংগঠনটির অবস্থান ‘ঐতিহ্য রক্ষা করে উন্নয়ন’, এমন অভিমত ব্যক্ত করে বলা হয়, সিলেট জেলা হাসপাতাল নির্ধারিত স্থানে নির্মাণ এবং শত বছরের ঐতিহ্য হিসেবে আবু সিনা ছাত্রাবাস ভবনের একটি অংশকে (ব্লক) সংরক্ষণ করতে হবে। এ দাবিতে খুব শিগগির কর্মসূচি ঘোষণা করে মাঠে নামবে সংগঠনটি।
আবু সিনা ছাত্রাবাস সিলেট নগরের কেন্দ্রস্থলের চৌহাট্টা এলাকায়। একই এলাকায় পড়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এটির দেয়াল ঘেঁষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাস। এই ছাত্রাবাস ভেঙে ২৫০ শয্যার আটতলা হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য অধিদপ্তর অর্থায়ন করছে। এ জন্য পুরোনো ঐতিহ্যের স্থাপনার ছাত্রাবাস ভবন ভাঙার কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। ভবনটি স্থাপনের সময়কাল চিহ্নিত না থাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ বিষয়ে অবহিত ছিল না। ১৮৭৬ সালে প্রকাশিত সিলেটের প্রথম সংবাদপত্র শ্রীহট্ট প্রকাশ-এর ছাপাখানা থাকার বিষয়টি বিভিন্ন ঐতিহাসিক তথ্যের মাধ্যমে নিশ্চিত হলে শতবর্ষী ভবন রক্ষার দাবিতে সোচ্চার হন নাগরিকেরা।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, আবু সিনা ছাত্রাবাস নামে ব্যবহৃত ভবনটি ১৮৫০ সালে নির্মিত হয়েছিল। পুরাকীর্তি হিসেবে তাই এটি প্রত্নতত্ত্ব তালিকায় স্থান পাওয়ার যোগ্য। বাংলাদেশ পুরাকীর্তি আইন ১৯৬৮ অনুযায়ী, এটি ভাঙা সম্পূর্ণ বেআইনি কাজ। শতবর্ষী ভবন রক্ষার দাবিতে গত ১১ মার্চ থেকে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির পর গত ২৪ মার্চ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অবহিত করেন সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তিনি ভবন রক্ষার আশ্বাস দেন। তবে ৩০ মার্চ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একটি অনুষ্ঠানে হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন না হলে টাকা ফেরত যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর এ আশঙ্কা প্রকাশের পর একটি পক্ষ শতবর্ষী ভবন ভেঙে হাসপাতাল স্থাপনের দাবিতে সরব হয়। সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশন ও সিলেট কল্যাণ সংস্থা নামের দুটো সংগঠন ২ এপ্রিল ও ৪ এপ্রিল পৃথক দুটি মানববন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণকারী লোকজন শতবর্ষী ভবন সুরক্ষার দাবি জানানো নাগরিকদের ‘উন্নয়নবিরোধী’ আখ্যায়িত করে দ্রুত হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।