উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আরও আন্তরিক হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্প ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আরও সক্রিয় এবং আন্তরিক হতে মন্ত্রী ও সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনাদের বাজেট বরাদ্দের কার্যকর ফলাফল দেখাতে হবে।’
চলতি বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ (এপিএ) সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। ২০১৫-১৬ অর্থবছরের উন্নয়ন লক্ষ্যগুলো একটি দক্ষ, কার্যকর ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থার অধীনে বাস্তবায়ন করতে ৪৮টি মন্ত্রণালয়/ বিভাগের সচিবেরা এতে সই করেন।
বাজেট বরাদ্দের কার্যকর ফলাফল মন্ত্রী-সচিবদের দেখাতে হবে উল্লেখ করে অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা যদি ব্যর্থ হই, তবে আমাদের রাজনীতির কোনো তাৎপর্য নেই। সে কারণে গ্রামীণ এলাকায় উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে হবে।’
বাংলাদেশকে একটি মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে সবাইকে শপথগ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানে মন্ত্রী-সচিবদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘চলতি মেয়াদে আমাদের হাতে মাত্র তিন বছর সময় আছে। আমরা দেশকে এমন অবস্থানে নিয়ে যেতে চাই, যেখানে জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না।’
প্রধানমন্ত্রী চলতি অর্থবছরের প্রকল্পগুলোর দ্রুত ও যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এপিএ স্বাক্ষরের পর মন্ত্রীদের বসে থাকলে চলবে না। আপনাদের অগ্রাধিকার নির্ধারণ করে এখন কাজ শুরু করতে হবে। তিনি বলেন, ‘অভূতপূর্ব অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের উন্নয়নের গতি জোরালো এবং আরও কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।’
বিগত বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুসারে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করায় সরকারি কর্মকর্তাদের তৎপরতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, তাঁরা এ বছরও অনুরূপ দক্ষতার স্বাক্ষর রাখবেন।
শেখ হাসিনা বলেন, একটি স্বাধীন জাতি অন্যের কাছে ভিক্ষা সহায়তা ছাড়া মাথা উঁচু করে বাঁচতে চায়। বাস্তবমুখী ও সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। খাদ্য উৎপাদন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ অধিকাংশ উন্নয়ন সূচকে আমাদের সক্ষমতায় দেশ এখন সম্মানের আসনে আসীন হয়েছে।
জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে মন্ত্রীদের অঙ্গীকারের দলিল, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’। বার্ষিক কৌশলগত লক্ষ্য ও মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা-কর্মদক্ষতা মূল্যায়নের সূচকও এটি। এটি মন্ত্রণালয়ের প্রকৃত কার্যক্রমের গুণগত ও মাত্রাগত মূল্যায়ন এবং কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিরূপণে সহায়ক।
এ চুক্তির অধীনে সচিবেরা প্রাতিষ্ঠানিক জবাবদিহি, স্বচ্ছতা, সম্পদের যথাযথ ব্যবহার ও সর্বোপরি প্রাতিষ্ঠানিক দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে গৃহীত উদ্যোগগুলো প্রক্রিয়াভিত্তিক থেকে ফলাফলভিত্তিক করে তুলবেন।
প্রতি ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করে বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রণীত পরিকল্পনার আওতায় পর পর দ্বিতীয় বছর এ চুক্তি সই হলো।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ অন্যদের মধ্যে বক্তব্য দেন। আর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) নজরুল ইসলাম তুলে ধরেন এপিএর সুবিধা-অসুবিধা।