বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামের অপর্যাপ্ত প্রস্তুতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতির জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুর ই ইলাহীকে দায়ী করেছেন ওয়ার্ড কাউন্সিলররা। গতকাল রোববার অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় কাউন্সিলররা তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনি অস্বস্তিবোধ করলে সিটি করপোরেশন থেকে চলে যান।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর ই ইলাহী একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। সাধারণ সভায় ওয়ার্ড কাউন্সিলররা অভিযোগ করেন, কোনো বিষয়ে মেয়র স্বাক্ষর দেওয়ার পরও প্রধান নির্বাহী কর্মকর্তা সেটি নানা অজুহাতে আটকে রাখেন। একাধিক কাউন্সিলর তাঁকে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আত্মীয় বলে দাবি তুলে বলেন, এ জন্য তিনি কৌশলে করপোরেশনের কাজে সমস্যার সৃষ্টি করছেন। এটা কোনো নিয়মের মধ্যে পড়তে পারে না। তাঁর এ নীতির কারণে করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজের ফাইল আটকে আছে।গতকাল সাধারণ সভায় মঞ্জুর ই ইলাহীর বিরুদ্ধে ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, চৌধুরী হাসান মাহমুদ ও সিরাজুল ইসলাম বক্তৃতা করেন। উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম একপর্যায়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এখানে নিজেকে খাপ খাওয়াতে না পারলে চলে যান। আমাদের উন্নয়নকাজ আটকে রাখার সুযোগ দেওয়া হবে না।’ সভা শেষে কাউন্সিলর সিরাজ প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হই। এক দিন চলে গেলেও তার জন্য জনগণকে জবাবদিহি করতে হয়। এ জন্য কথাগুলো বলতে বাধ্য হয়েছি।’ তবে মঞ্জুর ই ইলাহী বলেন, ‘একজন কাউন্সিলর আমার বিপক্ষে বক্তৃতা দিতে শুরু করলে অন্যরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন করেন। তখন আমি মেয়রকে উদ্দেশ করে বলি, আমি সরকারি কর্মচারী। ভুল ধরিয়ে দেওয়া আমার কাজ। আমি তো প্রতারণা করতে পারব না। কিন্তু এখন দেখি সবাই আমাকে অপছন্দ করছেন।’ তখন মেয়র বলেন, ‘অতীতে কেউ এভাবে করেননি।’ মঞ্জুর ই ইলাহী বলেন, ‘সাধারণ সভায় আমাকে যথেষ্ট অসম্মান করা হয়েছে। আমি আগেই চলে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছি। কিন্তু মনে হচ্ছে, বিশ্বকাপের আগে আমাকে বদলি করা হবে না।’