উন্নয়ন কার্যক্রমে জাপান আগের মতোই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনার পরও জাপানের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আগের মতোই থাকবে।
আজ মঙ্গলবার বিকেলে ওই হামলার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ করেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক যখন একটি নবযুগের সূচনা শুরু হয়েছে, তখন এভাবে আমরা সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করতে পারি না।’ তিনি বলেন, ‘হলি আর্টিজানের সন্ত্রাসী ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বাংলাদেশের নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। আমাদের সংহতি মানবতার প্রতি, সুশাসনের প্রতি এবং উন্নয়নের প্রতি।’
শাহরিয়ার আলম আরও বলেন, ‘জাপান সন্ত্রাসী ঘটনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, হলি আর্টিজানে নিহত জাপানি ও বাংলাদেশিদের রক্ত একসঙ্গে মিশে আছে। নিরপরাধ এসব মানুষের আত্মত্যাগে দুই দেশের সম্পর্ক আরও গভীর বন্ধনে আবদ্ধ হবে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, জঙ্গি হামলার ঘটনার পরও বাংলাদেশে জাপানের উন্নয়ন কার্যক্রম আগের মতোই থাকবে। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। ইতালিও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণতার জন্যও প্রশংসা করে।’
ইতালির সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ কখনো দুই দেশের সম্পর্কে বাধা হতে পারে না। সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে। তিনি বলেন, ‘ইতালি জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশ পারস্পরিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা করবে, যাতে ইসলামি দেশগুলোর মতো বাংলাদেশ কোনো সমস্যায় না পড়ে।’