মংলা বন্দর পৌরসভার আয়ের প্রধান উৎস রাজস্ব খাতে গত পাঁচ বছরে অনাদায়ি টাকার পরিমাণ প্রায় ৫৫ লাখ। ফলে বাধ্য হয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাওনা এখন মেটাতে হচ্ছে সরকারি বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) থেকে।পৌরসভা সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মোল্যা আ. জলিলের সময় থেকে পৌরসভার এ দশার শুরু। রাজস্ব আদায়ে গাফিলতি ও দুর্নীতিই এর মূল কারণ। পৌর হিসাবরক্ষক সরদার আ. হান্নান জানান, গত পাঁচ বছরে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ২৫ লাখ ৫০ হাজার এবং পৌরবাসীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকার রাজস্ব আদায় হয়নি। এতে কর্মচারী, কর্মকর্তা, মেয়র ও কাউন্সিলরদের বেতন-ভাতা বকেয়া পড়ে। এই বকেয়া পরিশোধে এডিপির ২০০৯-১০ অর্থবছরে বরাদ্দ ৫৭ লাখ থেকে ১৬ লাখ এবং ২০১০-১১ অর্থবছরের ২৭ লাখ থেকে ১৪ লাখ ৬০ হাজার টাকা ঋণ নিয়ে তাঁদের বেতন-ভাতা দেওয়া হয়।পৌরসভার সচিব মো. হারেস উদ্দিন জানান, এখানকার ৫২ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩২ জনের সাত মাসের বেতন এখনো বাকি। এডিপির টাকায় এভাবে বেতন দেওয়ার বিষয়ে তিনি বলেন, আপাতত ঋণ হিসেবে টাকাটা নেওয়া হয়েছে।