উন্নয়নের লক্ষ্য কখনোই মুষ্টিমেয় মানুষ হতে পারে না। তাই উন্নয়ন পরিকল্পনা করতে হবে সাধারণ মানুষকে কেন্দ্র করে। যাতে সবাই উন্নয়নের সুফল পায়। তাহলেই দেশে টেকসই উন্নয়ন সম্ভব হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনের এই সেমিনার শুরু হয়েছে। গতকাল সেমিনারের প্রথম দিনের প্রথম অধিবেশনে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বৃহৎ অর্থনৈতিক কাঠামো, লক্ষ্যমাত্রা, কৌশল ও অর্থায়ন নিয়ে আলোচনা হয়। প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী।কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘দীর্ঘমেয়াদি রূপকল্প (ভিশন ২০২১) বাস্তবায়নের লক্ষ্যে মধ্যমেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে। ২০১১-১৫ অর্থবছরের ওই পরিকল্পনায় বর্তমানের ৩১ দশমিক ৫ শতাংশের দারিদ্র্যকে ২২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনাসহ বিভিন্ন উন্নয়নের কথা বলা হয়েছে। তবে এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আমাদের অনেকগুলো ঝুঁকি শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’ কাজী খলীকুজ্জমান প্রধান ঝুঁকি হিসেবে জনসংখ্যা সমস্যা, বৈষম্য, কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য ও খাদ্যনিরাপত্তা, মূল্যস্ফীতি, নিচুমানের উৎপাদনশীলতা, শাসন, দক্ষতা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন।সভাপতির বক্তব্যে আবুল বারকাত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বেশ কিছু অসংগতি তুলে ধরে বলেন, পরিকল্পনায় দারিদ্র্য হ্রাস করার কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে তা করা হবে, সে কথা বলা হয়নি। এমনকি এই পরিকল্পনার সারমর্মে দারিদ্র্য ‘উচ্ছেদ’ শব্দটি থাকলেও ভেতরের তিন খণ্ডে এ বিষয়ে কিছু নেই। মুক্ত আলোচনায় অংশ নেন সমিতির সহসভাপতি হান্নানা বেগম, সাবেক সরকারি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পরিবেশ বাঁচাও আন্দোলনের আবু নাসের খান, সমিতির সহসম্পাদক মঞ্জু আরা খাতুন, এম এস সিদ্দিকী, আলী আহমদ রুশদী, ফেরদৌস আরা বেগম, জয়নাল আবেদিন প্রমুখ।